অরিন্দম বন্দ্যোপাধ্যায়,কলকাতা: বছর তিনেক আগেও এমন একটা বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকের পরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মাঝে অনেকটা সময় পার। সৌরভের পর বোর্ড সভাপতির দায়িত্ব পালন করেছেন রজার বিনি। ৭০ বছর বয়স হয়ে যাওয়ার কারণে বিনিকে সরতে হয়েছে বিসিসিআই সভাপতির পদ থেকে। সহ সভাপতি রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন সভাপতির পদে রয়েছেন আপাতত। আর তার মধ্যেই চলছে বোর্ডের নয়া সভাপতি নিয়ে তুমুল জল্পনা।
২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। এজিএমের আসরেই স্পষ্ট হয়ে যাবে বোর্ড সভাপতি পদে কে বসবেন। যদিও এজিএমের আটদিন আগেই বিসিসিআইয়ের নয়া সভাপতির নাম সামনে আসতে পারে। আগামী শনিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র বাড়িতে ভারতীয় ক্রিকেট প্রশাসনের সাম্প্রতিককালের সবচেয়ে হাইপ্রোফাইল বৈঠক হতে চলেছে বলে খবর। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন বোর্ডের শীর্ষকর্তারা। সেদিনই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বোর্ডের নয়া সভাপতির নাম।
কে হতে পারেন বিসিসিআইয়ের নয়া সভাপতি? প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের নাম নতুনভাবে শোনা যাচ্ছে। মহারাজ একা নন, তাঁর একসময়ের বিশ্বস্ত সতীর্থ হরভজন সিংয়ের নামও রয়েছে দৌড়ে। কর্ণাটক ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রঘুরাম ভাটের নামও শোনা যাচ্ছে। প্রবলভাবে দৌড়ে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার কিরণ মোরেও। এছাড়া মিঠুন মানহাসের মতো আরও কয়েকজনের নাম রয়েছে। কার ভাগ্যে শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে, হয়তো শনিবারই তার আন্দাজ মিলতে পারে। কিন্তু তার আগে ভারতীয় ক্রিকেট প্রশাসনে ‘রাজনৈতিক সমীকরণ’-এর নানা খেলা চলছে। আগামী কয়েকদিনে সেই খেলার তীব্রতা আরও বাড়বে বলে খবর। রাতের দিকে মুম্বই থেকে বোর্ডের এক শীর্ষকর্তা নাম না লেখার শর্তে উত্তরবঙ্গ সংবাদ-কে বলেছেন, ‘নয়া বোর্ড সভাপতি কে হবেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। নিয়মিত বদলে যাচ্ছে নানা অঙ্ক ও সমীকরণ। কোনও প্রাক্তন ক্রিকেটারই বিসিসিআই সভাপতি হবেন। কিন্তু কে হবেন, সেটা নিয়েই রয়েছে ধোঁয়াশা।’
সৌরভ কি আদৌ ফের বোর্ড সভাপতি হতে পারেন? বাংলা ক্রিকেট সংস্থার একটা বড় অংশ মহারাজকে নিয়ে প্রবল আশাবাদী। সৌরভের বাস্তব সম্ভাবনা বেশ কম। কারণ, তাঁকে বোর্ড সভাপতি পদে আসতে গেলে একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু ‘শর্ত’ মানতে হবে বলে খবর। মহারাজ কি আদৌ সেই পথে হাঁটবেন? সম্ভাবনা বেশ ক্ষীণ। স্বরাষ্টমন্ত্রীর বাড়ির বিশেষ বৈঠকে সৌরভ থাকবেন কিনা, রাত পর্যন্ত সেটাও স্পষ্ট হয়নি।
