পঙ্কজ মহন্ত, বালুরঘাট: রাজনৈতিক পালাবদলের ছোঁয়া এবার রাখির বাজারেও। গত বছর যেখানে তৃণমূলের (TMC) প্রতীক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি নজর কেড়েছিল, এবার সেই জায়গায় বাজার মাতাচ্ছে বিজেপির প্রতীক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মুখ দেওয়া রাখি। রাখিপূর্ণিমার আগে বালুরঘাটের (Balurghat) বাজারে এমন রাখির চাহিদা ঘিরে নতুন করে রাজনৈতিক রং লেগেছে উৎসবের কেনাকাটায়।
শুক্রবার রাখিপূর্ণিমা, তার আগে বালুরঘাটের তহবাজার, নিউ মার্কেট, বিশ্বাসপাড়া, থানা মোড় সহ শহরের বিভিন্ন এলাকায় সাজানো হয়েছে রাখির পসরা। স্থায়ী দোকানের পাশাপাশি রাস্তার ধারে অস্থায়ী দোকানও বসেছে। রকমারি ডিজাইনের রাখির সঙ্গে রয়েছে কার্টুন চরিত্র, বিভিন্ন নামলেখা রাখি, পাথর বসানো রাখি থেকে শুরু করে নানা ধরনের অভিনব নকশা। তবে সবকিছুকে ছাপিয়ে এবার নজর কেড়েছে রাজনৈতিক মুখ ও প্রতীকযুক্ত রাখি। দোকানিদের দাবি, ক্রেতাদের একাংশের মধ্যে রাজনৈতিক দলের প্রতীক ও নেতা-নেত্রীর ছবি দেওয়া রাখি নিয়ে আলাদা উৎসাহ রয়েছে। বিশেষ করে মোদির ছবি এবং বিজেপির পদ্ম প্রতীক দেওয়া রাখি এবার বেশ ভালোই বিকোচ্ছে। গত বছরের তুলনায় রাজনৈতিক রাখির ধরনেও পরিবর্তন চোখে পড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
তহবাজারের এক বিক্রেতা সুনীল সাহার কথায়, ‘রাখি কিনতে এসে অনেকেই নতুন ধরনের রাখি খুঁজছেন। মোদির ছবি এবং বিজেপির লোগো দেওয়া রাখি অনেকেই পছন্দ করছেন। রাজনৈতিক রাখি নিয়ে আলাদা করে ক্রেতাদের আগ্রহ রয়েছে।’ আরেক বিক্রেতা অলোক কুণ্ডু বলেন, প্রতি বছরই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে রাখির ডিজাইনে কিছুটা পরিবর্তন হতে দেখা যায়। গত বছর এক ধরনের রাখি বেশি চলেছিল। তবে এবার গেরুয়া রং দেওয়া রাখির চাহিদা বেশি।
ক্রেতাদের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। নিউ মার্কেটের এক ক্রেতা স্বপন দাসের কথায়, ‘সাধারণ রাখির পাশাপাশি একটু অন্যরকম রাখি কিনতে চেয়েছিলাম। ত্রিশূল আঁকা রাখিটি চোখে পড়তেই ভালো লেগেছে। তাই সেটিই কিনলাম।’ তাঁর পাশেই দাঁড়ানো আরেক ক্রেতা বিমল সরকার বলেন, ‘রাখি তো ভ্রাতৃত্ব, ভালোবাসার প্রতীক। তবে বাজারে নানা ধরনের অভিনব রাখি পাওয়া যাচ্ছে। রাজনৈতিক নেতার ছবি দেওয়া রাখিও এবার নতুন সংযোজন। দেখতে বেশ আকর্ষণীয়।’
শুধু রাজনৈতিক রাখিই নয়, শিশুদের জন্য কার্টুন চরিত্রের রাখি, তরুণ-তরুণীদের পছন্দের স্টাইলিশ রাখি এবং বিভিন্ন বার্তা লেখা রাখিরও চাহিদা রয়েছে। দামও রাখা হয়েছে বিভিন্ন ধরনের। ফলে সাধ্যের মধ্যে পছন্দের রাখি কিনতে দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। রাখিপূর্ণিমাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাজারে কেনাকাটার ব্যস্ততা বেড়েছে। শেষ মুহূর্তে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে ভাইবোনের সম্পর্কের এই উৎসবের বাজারে এবারও রঙিন রাখির সঙ্গে জুড়ে গিয়েছে সময়ের রাজনীতির ছাপ।

