Balurghat | জমি বিবাদের জের, বালুরঘাটে এক ভাইয়ের হাতে খুন অপরজন!

Balurghat | জমি বিবাদের জের, বালুরঘাটে এক ভাইয়ের হাতে খুন অপরজন!

ব্লগ/BLOG
Spread the love


বালুরঘাট: জমি সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে এক ভাইয়ের হাতে অন্য ভাইকে খুনের অভিযোগ উঠল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট (Balurghat) ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দেবীপুর বিলপাড়া এলাকায়। মৃতের নাম বিপুল সরকার (৬০)। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই দিলীপ কুমার সরকার পলাতক ছিল। যদিও প্রাপ্ত তথ্যানুযায়ী সন্ধ্যায় তাকে ধরে ফেলা হয়েছে।

পরিবারের সদস্যদের সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ধানের বীজ নিয়ে মাঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন বিপুল সরকার। সেই সময়ই পেছন দিক থেকে অতর্কিতে বাঁশ দিয়ে তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিপুলবাবু এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। ঘটনার ভয়াবহতা টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বালুরঘাট থানার পুলিশ বাহিনী, সদর ডিএসপি অঙ্কুর সিংহ রায় এবং রাজ্য পুলিশের একটি বিশেষ ফরেন্সিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেন এবং ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বাঁশ উদ্ধার করেছেন, যা এই হত্যাকাণ্ডে (Homicide Case) ব্যবহার করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, এই খুনের মূল কারণ ছিল দুই বিঘা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। পরিবারের দাবি, তাঁদের মায়ের মালিকানাধীন প্রায় দুই বিঘা জমি নাতির নামে দানপত্র করে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র অশান্তি চলছিল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে আইনি লড়াই ও বিচারাধীন মামলাও চলছে। পরিবারের অভিযোগ, সেই পুরোনো আক্রোশ ও ক্ষোভ থেকেই এই খুন করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ঘটনার সময় দিলীপ বাড়িতে উপস্থিত ছিল না। তবে সন্ধ্যা নাগাদ অভিযুক্ত ধরা পড়ার পর জট অনেকটাই খুলবে বলে মনে করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *