Changrabandha | চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরানো হল কিডনি রোগীর কফিনবন্দি দেহ!

Changrabandha | চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরানো হল কিডনি রোগীর কফিনবন্দি দেহ!

শিক্ষা
Spread the love


চ্যাংরাবান্ধা: সুস্থ হয়ে দেশে ফেরার বুকভরা আশা নিয়ে ভারতে এসেছিলেন এক বাংলাদেশি নাগরিক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কফিনবন্দি হয়েই স্বদেশে ফিরতে হল তাঁকে। বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা (Changrabandha) আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহ সসম্মানে তাঁর দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হল।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম শৈলেন্দ্র নাথ মোহন্ত। তিনি বাংলাদেশের রংপুরের বাসিন্দা। গত ১ অগাস্ট স্ত্রীর সঙ্গে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। পরিকল্পনা ছিল, কোচবিহারের (Cooch Behar) শীতলকুচিতে এক আত্মীয়ের বাড়িতে কিছু দিন থেকে সেখান থেকে বেঙ্গালুরুতে কিডনির উন্নত চিকিৎসার জন্য পাড়ি দেবেন। ইতিপূর্বেও তিনি বেঙ্গালুরুতে কিডনির চিকিৎসা করিয়েছিলেন।

কিন্তু নিয়তির অন্য পরিকল্পনা ছিল। শীতলকুচিতে আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর পর গত ৩ অগাস্ট হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শৈলেন্দ্র নাথ। দ্রুত তাঁকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ অগাস্ট তাঁর মৃত্যু হয়।

বিদেশি নাগরিকের আকস্মিক মৃত্যুর পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কলকাতার এফআরআরও অফিস থেকে প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) বা এনওসি সংগ্রহ করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্তৃপক্ষের উপস্থিতিতে মৃতদেহটি বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *