Balurghat | ‘কৌশল মহোৎসব’: বালুরঘাটে ১,৭০০ জনের হাতে চাকরির অফার লেটার!

ভিডিও/VIDEO
Spread the love


বালুরঘাট: ভারত সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ‘কৌশল মহোৎসব’ (Kaushal Mahotsav)-এ বাজিমাত! মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে (Balurghat Stadium) আয়োজিত এই বৃহৎ কর্মসংস্থান মেলায় বিকেল চারটে পর্যন্ত সরাসরি চাকরি পেলেন ১,৭০০ জন চাকরিপ্রার্থী। সেই সঙ্গে আরও প্রায় তিন হাজার প্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া সচল ছিল। এদিন অনলাইন ও অফলাইন মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ছাড়িয়ে যায় প্রায় ১০ হাজার। এই বিরাট সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেছেন, এর আগে দেশজুড়ে হওয়া ১০টি কৌশল মহোৎসবের মধ্যে বালুরঘাটের (Balurghat) এই আসরই সবচেয়ে সফল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার সকাল থেকেই বালুরঘাট স্টেডিয়াম চত্বরে উপচে পড়েছিল হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়। চড়া রোদ ও বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে ইন্টারভিউতে অংশ নেন উত্তরবঙ্গ সহ বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণীরা। উইপ্রো, টাটা, ফিনান্স সংস্থা সহ ৬০টিরও বেশি কোম্পানি এই মেলায় অংশ নেয়।

এদিন দুপুরে মেলামঞ্চ থেকে সফল প্রার্থীদের হাতে সরাসরি চাকরির নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, জেলার বিধায়ক এবং শীর্ষ স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। সকালে মেলায় এসে বিকেলেই হাতের মুঠোয় চাকরির লেটার পেয়ে যাব—এমনটা কল্পনাই করতে পারেননি বহু প্রার্থী। আনন্দে আত্মহারা প্রার্থীরা জানান, ভিনরাজ্যে গিয়ে চাকরি খোঁজার দুশ্চিন্তা থেকে তাঁরা অনেকটাই মুক্তি পেলেন।

অনুষ্ঠানের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “একসময় এখানে চাকরি বিক্রি হতো, আর আজ প্রত্যন্ত জেলায় এসে চাকরির অফার দেওয়া হচ্ছে—এটাই পার্থক্য।” সবমিলিয়ে, বালুরঘাটের এই মেগা জব ফেয়ার কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *