উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লিতে আন্দোলনরতদের ওপর পুলিশি দমনপীড়ন এবং ‘চলো সংসদ’ অভিযানে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ব্যবহারের বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। সোমবারের এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সরাসরি শাসক মহল ও নেতামন্ত্রীদের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অনিয়ম এবং বিশেষ করে নিট (NEET) পেপার লিক কাণ্ডের প্রতিবাদে গত দু’সপ্তাহ ধরে যন্তরন্তরে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র সেই ‘চলো সংসদ’ অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই এক্স-এ ক্ষোভ প্রকাশ করে অরিজিৎ লেখেন, “ইয়ার স্টুডেন্টদের মারছেন আপনারা, আপনাদের কি লজ্জা করে না?”
এরপর আরও একটি আক্রমণাত্মক পোস্টে তিনি লেখেন, “হ্যালো নেতা-মন্ত্রী! কী চলছে ভাই! নিজেদের কি ভগবান ভেবে বসে আছেন নাকি?” একই সঙ্গে একটি কড়া সতর্কবার্তা দিয়ে গায়ক লেখেন, “সবকিছুর হিসাব রাখা হবে! হর হর মহাদেব! মনে রাখবেন।” উল্লেখ্য, শুরুতে এই আন্দোলনের সমর্থনে যন্তরমন্তরে আমরণ অনশনে বসেছিলেন বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তবে গত শনিবার দিল্লি পুলিশ তাঁকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সাফদরজং হাসপাতালে ভর্তি করে।
এটি অবশ্য প্রথমবার নয়, এর আগেও একাধিক সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার হয়েছেন অরিজিৎ। যন্তরন্তরের এই ছাত্র বিক্ষোভে অরিজিতের পাশাপাশি হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, জিনাত আমান, প্রকাশ রাজ এবং শাবানা আজমির মতো দেশের বহু নামী তারকাই সংহতি জানিয়েছেন।
এদিকে কাজের জগতেও একটি বড় চমক দিয়েছেন অরিজিৎ। প্লেব্যাক সিংগিং থেকে অবসরের কথা ঘোষণা করার কিছুদিন পরই ইমরান হাশমির আসন্ন ছবি ‘আওয়ারাপন ২’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। মঙ্গলবারই মুক্তি পেয়েছে ‘ইয়ে আওয়ারাপন’ শিরোনামের সেই গানটি। একদিকে নতুন গান মুক্তি এবং অন্যদিকে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অরিজিতের এই ঝাঁঝালো প্রতিবাদ বর্তমানে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।

