বারাবনি: পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকে সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে চরম অপমান, হেনস্থা এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা (Anganwadi Staff Face Harassment)। ‘অন্নপূর্ণা যোজনা’-র সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের কাজ করতে গিয়ে প্রকাশ্য রাস্তায় হেনস্থার শিকার হওয়ার পর অবশেষে বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তাঁরা। ‘পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি’-র পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের নির্দেশেই বারাবনি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মীরা অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাইয়ের কাজে নেমেছিলেন। কিন্তু গত ৭ জুলাই এই কাজ চলাকালীন একটি অত্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটে। অভিযোগ, কাপিষ্ঠা নিবাসী কাকলি সিনহা নামে এক মহিলা এবং তাঁর অনুগামীরা ব্লক অফিসের মূল ফটকের সামনে, সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের উপস্থিতিতে কর্তব্যরত অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্দেশে অত্যন্ত কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করেন। সামান্য সাম্মানিক ভাতার বিনিময়ে স্বাস্থ্য দপ্তর ও পঞ্চায়েতের নানা অতিরিক্ত কাজ করে দেওয়ার পরেও প্রকাশ্য এই অভদ্র আচরণে চরম মানহানি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মীরা।
নিরাপত্তার অভাবে এই মুহূর্তে তাঁরা কাজে নামতে প্রস্তুত নন বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্ষুব্ধ কর্মীরা। সংগঠনের তরফে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে, অভিযুক্ত মহিলা যদি সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চান এবং নিজের ভুল স্বীকার না করেন, তবে তাঁরা অন্নপূর্ণা যোজনার সমস্ত কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে কর্মীরা একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, তার জন্য পুলিশ ও প্রশাসনকে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বারাবনি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগপত্রটি হাতে পাওয়া গিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

