উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বেঞ্চে বসে হাসি-মজা করছিলেন লিয়োনেল মেসি (Argentina vs Jordan)। কিন্তু দলের কিছুটা গা-ছাড়া ভাব দেখে শেষ পর্যন্ত মাঠে নামতে হলো তাঁকেই। আর মাঠে নেমেই ফের অনন্য নজির স্থাপন করলেন এলএম টেন। জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়লেন মেসি (Lionel Messi)। এদিন জর্ডনকে পরাজিত করে আর্জেন্টিনার নকআউট পর্বের প্রস্তুতি আরো জোরালো হলো।

প্রথমার্ধেই আর্জেন্টিনার দাপটে কোণঠাসা হয়ে পড়েছিল জর্ডন। ১৯ মিনিটে সেলসোর ফ্রিকিক থেকে আসে প্রথম গোল। এরপর ৩১ মিনিটে ভার (VAR)-এর সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মার্তিনেজ়। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বিশ্বজয়ীরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করার চেষ্টা করে জর্ডন। ৫৫ মিনিটে আল তামারির গোলে ব্যবধান কমালে কিছুটা নড়েচড়ে বসে আর্জেন্টিনা। এই পর্যায়ে স্কালোনির শিষ্যদের মধ্যে কিছুটা গা-ছাড়া ভাব লক্ষ্য করা যায়, যা কোচকে বেশ বিরক্ত করেছিল।
পরিস্থিতি সামাল দিতে ৬০ মিনিটে মাঠে নামেন স্বয়ং মেসি। মাঠে নেমেই খেলার গতিপথ বদলে দেন তিনি। ৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক থেকে জর্ডনের গোলরক্ষককে বোকা বানিয়ে বাঁকানো শটে গোল করে ব্যবধান ৩-১ করেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা সাত ম্যাচে গোল করার নজির গড়লেন তিনি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।

এদিন মেসিকে নামানোর পেছনে স্কালোনির লক্ষ্য ছিল দলকে বার্তা দেওয়া—ম্যাচ যত সহজই হোক, পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। মেসি মাঠে নামার পর আর্জেন্টিনা ফের খোলস ছেড়ে বেরিয়ে আসে এবং পরবর্তী নকআউট রাউন্ডের জন্য নিজেদের শক্তি সঞ্চয় করে নেয়। জর্ডনের কঠোর ও ফাউলনির্ভর ফুটবলকে টেক্কা দিয়ে আর্জেন্টিনা যে ছন্দে খেলছে, তা তাদের শিরোপা ধরে রাখার স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।

