উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির সত্য নিকেতন এলাকায় পাঁচতলা ভবন ধসে (Delhi Constructing Collapse) প্রাণ হারিয়েছেন ১৯ বছরের তরুণ অর্পিত জাজ। বর্তমানে সন্তান হারানোর শোকে বিহ্বল অর্পিতের পরিবার। এই কঠিন পরিস্থিতির মাঝেই অর্পিতের কর্নিয়া দান করার এক মানবিক সিদ্ধান্ত নিলেন তাঁরা (Cornea donation)।
মধ্যপ্রদেশের দেওয়াসের বাসিন্দা অর্পিত দিল্লির আত্মরাম সনাতন ধর্ম কলেজের দ্বিতীয় বর্ষের বি.কমের ছাত্র ছিলেন। রাখিবন্ধন উৎসব উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রবিবার সকালেই তিনি দিল্লিতে ফিরেছিলেন। দিল্লিতে ফেরার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার দুপুরেই যে পিজি-তে (হস্টেল ডেজ) তিনি থাকতেন, সেই ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (PG collapse)। সেই সময় ভবনটিতে সংস্কারের কাজ চলছিল বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে অর্পিতের ফোন বন্ধ থাকায় তাঁর পরিবার উদ্বিগ্ন হয়ে দিল্লি ছুটে আসে। পরবর্তীতে ধ্বংসস্তূপ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই শোকে মা গুরুতর অসুস্থ হয়ে এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এত বড় বেদনার মাঝেও অর্পিতের পরিবার তাঁর চোখ দান করার মতো এক মহৎ সিদ্ধান্ত নিয়েছে। পরিবারের আশা, অর্পিতের চোখের মাধ্যমে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ পাবে অন্য কেউ।
উল্লেখ্য, দিল্লিতে এই ভবন ধসের ঘটনায় মোট সাতজন প্রাণ হারিয়েছেন। তবে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গা ঢাকা দেওয়া ভবনটির মালিক হরিরাম গুপ্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় বাড়িটি অবৈধভাবে নির্মিত হয়েছিল। পুরসভার নিয়ম লঙ্ঘন করে নির্ধারিত উচ্চতার চেয়েও উঁচু করা হয়েছিল বহুতলটি। এছাড়া একটানা বৃষ্টির জেরে বেসমেন্টে জল জমার পাশাপাশি সেখানে বেআইনি নির্মাণকাজও চলছিল। যার ফলেই দুর্বল হয়ে পড়ে ভিত এবং ঘটে এই বিপর্যয়। পুরো ঘটনার একটি ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

