Abhishek Banerjee | ছাব্বিশের ভোটপ্রচারে ঝোড়ো জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee | ছাব্বিশের ভোটপ্রচারে ঝোড়ো জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (2026 WB Meeting Election) পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বছরের শেষ প্রান্ত থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, বিজেপির ‘বাংলা বিরোধী’ প্রচার বা ‘কেন্দ্রীয় বঞ্চনা’র বদলে এবারের নির্বাচনে তৃণমূলের প্রধান হাতিয়ার হতে চলেছে রাজ্যের ‘উন্নয়নের পাঁচালি (Unnayaner Panchali)।’

সূত্রের খবর, আগামী শনিবার একটি সাংবাদিক বৈঠক করে অভিষেক এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। তবে তার আগেই নীল নকশা চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ২৯ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এবং ৫ জানুয়ারি সাতগাছিয়ায় আয়োজিত হতে চলেছে ‘সেবাশ্রয়।’ মূলত সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই শিবিরের লক্ষ্য।

এরপরই শুরু হবে ঝোড়ো জেলা সফর। ২ জানুয়ারি বারুইপুর থেকে শুরু করে ৪ জানুয়ারি বীরভূম, ৭ জানুয়ারি উত্তরবঙ্গের ইটাহার, ৮ জানুয়ারি মালদহ, ১৩ জানুয়ারি কোচবিহার এবং ১৫ জানুয়ারি কাঁথিতে হাইভোল্টেজ জনসভা করবেন অভিষেক। এই সভাগুলোর মূল উদ্দেশ্য হলো বুথ স্তরের কর্মীদের চাঙ্গা করা এবং প্রতিটি ঘরে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান পৌঁছে দেওয়া।

নির্বাচনী রণকৌশল ঠিক করতে অভিষেক শুধু মাঠেই নয়, ডিজিটাল মাধ্যমেও সক্রিয়। ২০২১ সালে লড়াই ছিল ‘বহিরাগত’ বনাম ‘ঘরের মেয়ে’ ইস্যুতে। চব্বিশের লোকসভায় সুর চড়েছিল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। কিন্তু আসন্ন ছাব্বিশের লড়াইয়ে তৃণমূল মূলত রাজ্যের নিজস্ব প্রকল্প এবং উন্নয়নের খতিয়ানকেই অগ্রাধিকার দিচ্ছে। তৃণমূল সেনাপতি অভিষেকের এই ঝোড়ো সফর রাজ্যের রাজনৈতিক পারদ যে কয়েক গুণ বাড়িয়ে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *