মালদা: মালদা জেলার সবথেকে চর্চিত এবং হাই-ভোল্টেজ কেন্দ্র ইংরেজবাজারের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। জল্পনা ছিলই, আর বুধবার সন্ধ্যায় তাতে সিলমোহর পড়ল। বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে (Sreerupa Mitra Chowdhury) এবার টিকিট দিল না দল। তাঁর পরিবর্তে প্রার্থী করা হয়েছে পোড় খাওয়া রাজনীতিক তথা ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়িকে (Amlan Bhaduri BJP Candidate)। এই খবর ছড়িয়ে পড়তেই অম্লান বাবুর বাড়ির সামনে ভিড় জমান কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক। চলে আবির খেলা ও মিষ্টি মুখ।
বিজেপি সূত্রের খবর, গত কয়েক বছরে বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে এলাকায় ‘অনুপস্থিত’ থাকার একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল। এমনকি শহরের বিভিন্ন জায়গায় তাঁর ‘সন্ধান চাই’ পোস্টারও পড়েছিল এক সময়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মীর কথায়, “শ্রীরূপা দেবীর একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল। মানুষের প্রয়োজনে তাঁকে কাছে না পাওয়ার আক্ষেপ ছিল সাধারণ ভোটারদের মনে। তাই দলের অন্দরেই অম্লান ভাদুড়িকে প্রার্থী করার জোরালো দাবি উঠেছিল।”
অম্লান ভাদুড়ি ইংরেজবাজারের ঘরের ছেলে হিসেবে পরিচিত এবং দীর্ঘদিনের অভিজ্ঞ কাউন্সিলর। দলের নিচুতলার কর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। কর্মী-সমর্থকদের দাবি, অম্লান ভাদুড়ি প্রার্থী হওয়ায় ইংরেজবাজার আসনটি এবার ১০০ শতাংশ বিজেপির পকেটে নিশ্চিত। প্রার্থী হওয়ার পর অম্লান বাবু জানিয়েছেন, দলের বিশ্বাস রক্ষা করাই তাঁর প্রধান লক্ষ্য এবং তিনি আগামী কাল থেকেই পূর্ণদমে প্রচারে নামবেন।
তৃণমূল ইতিমাজেই এই কেন্দ্রে তাদের হেভিওয়েট প্রার্থী ঘোষণা করেছে। এবার বিজেপির পক্ষ থেকে অম্লান ভাদুড়ির নাম সামনে আসায় ইংরেজবাজারের লড়াই এখন সেয়ানে-সেয়ানে। বিশেষ করে শহরের শিক্ষিত ও মধ্যবিত্ত ভোটব্যাঙ্ক কোন দিকে ঝোঁকে, তার ওপরেই নির্ভর করছে বিধানসভার ভবিষ্যৎ।
