উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্না করা খাবার সতেজ রাখতে বা অফিসের টিফিন প্যাক করতে আমরা চোখ বন্ধ করে অ্যালুমিনিয়াম ফয়েল (Aluminium Foil) ব্যবহার করি। এমনকি রেস্তোরাঁ থেকে আসা গরম কাবাব বা গ্রিল করা মাংসও এই রুপোলি পাতলা চাদরে মোড়া থাকে। কিন্তু আপনি কি জানেন, এই অভ্যাসই আপনার শরীরে তিলে তিলে বিষ ঢোকাচ্ছে? সম্প্রতি বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, অ্যালুমিনিয়াম ফয়েলের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য বড়সড়ো ঝুঁকি তৈরি করতে পারে।
কেন এটি বিপজ্জনক?
সাম্প্রতিক একটি গবেষণা বলছে, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ফয়েল থেকে ধাতব কণা বিচ্যুত হয়ে সরাসরি খাবারে মিশে যায়। একে বলা হয় ‘লিচিং’। বিশেষ করে খাবার যদি অ্যাসিডিক বা অম্লীয় হয় (যেমন— লেবু, টমেটো বা টক দই মেশানো খাবার), তবে এই বিক্রিয়া দ্রুত ঘটে। আবার ওভেনে ফয়েল জড়িয়ে রান্না করলে সেই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। মনে রাখবেন, অ্যালুমিনিয়ামের বাসনে রান্নার চেয়ে ফয়েলে মোড়া খাবার বেশি ক্ষতিকর।
ব্যাকটিরিয়ার আতঙ্ক
অনেকেই মনে করেন ফয়েলে খাবার দীর্ঘক্ষণ টাটকা থাকে। এটি একটি ভুল ধারণা। অ্যালুমিনিয়াম ফয়েল খাবারকে সম্পূর্ণ বায়ুরোধী বা ‘এয়ার টাইট’ করতে পারে না। ফলে ভেতরে দ্রুত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে এবং খাবারটি পরের দিনের মধ্যেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
নিরাপদ বিকল্প কী?
সুস্থ থাকতে বিশেষজ্ঞরা কয়েকটি সহজ বদলের পরামর্শ দিচ্ছেন:
১. বেঁচে যাওয়া খাবার গুছিয়ে রাখতে আলাদা ফ্রিজার ব্যাগ বেশ কার্যকর।
২. খাবার সতেজ রাখতে ভালো মানের ক্লিং র্যাপ ব্যবহার করা যেতে পারে।
৩. খাবার সংরক্ষণের জন্য কাচ বা স্টিলের বায়ুরোধী পাত্র ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। তবে গরম খাবার সরাসরি না ভরে আগে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে নিন।
সুস্থ থাকতে আজই রান্নাঘর থেকে অ্যালুমিনিয়াম ফয়েলের যথেচ্ছ ব্যবহার কমান এবং সচেতন হোন।
