উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বোন নূপুর শ্যানন ও স্টেবিন বেনের চার হাত এক হয়েছে সম্প্রতি। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার ‘কাঠগড়ায়’ দিদি কৃতি শ্যানন (Kriti Sanon)। টিনসেল টাউনের অলিতে-গলিতে এখন একটাই প্রশ্ন— কৃতি ও কবীর বাহিয়ার চার হাত এক হচ্ছে কবে? কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই স্পিকটি নট অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বলিউড সুন্দরী।
নূপুরের বিয়ের আবেগঘন মুহূর্তগুলো কৃতি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। সেই রেশ টেনেই এক সঞ্চালক কৃতিকে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। এতেই চটে যান অভিনেত্রী। সরাসরি বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “ঠিক বাবা-কাকাদের মতো প্রশ্ন করছেন! আমার মনে হয় জীবনে বিয়ের বাইরেও অনেক কিছু করার আছে।” সঞ্চালক অবশ্য সেখানেই থামেননি। নূপুরের মতো কৃতির বিয়ের সানাইও কি শীঘ্রই বাজবে? এমন প্রশ্নের উত্তরে কৃতির সাফ কথা, “আমি জানি না। যখন সময় হবে, তখনই বিয়ে করব। এই মুহূর্তে কোনও তাড়াহুড়ো নেই।”
দীর্ঘদিন ধরেই গুঞ্জন, কবীর বাহিয়ার (Kabir Bahiya) সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন কৃতি। বিমানবন্দর থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠান— বহু জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। যদিও কৃতি বা কবীর কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও শিলমোহর দেননি। তবে সংবাদমাধ্যমের লাগাতার প্রশ্নে কৃতির এই আক্রমণাত্মক মেজাজ অনেককেই অবাক করেছে।
ব্যক্তিগত জীবন ছাড়াও বলিউডের চিরকালীন বিতর্ক ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ নিয়ে মুখ খোলেন কৃতি। ইন্ডাস্ট্রির আউটসাইডার হিসেবে নিজের জায়গা করে নেওয়া এই অভিনেত্রী জানান, স্বজনপোষণ সব জায়গাতেই আছে। তবে তিনি ভাগ্যের চেয়েও বেশি পরিশ্রমে বিশ্বাসী। তাঁর কথায়, নিজের কাজের মান ঠিক রাখলে সুযোগ আসবেই।
