বহরমপুর: উৎসবের আবহে বহরমপুরের (Berhampore) জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র এবং বিজেপি (BJP) নেতৃত্বকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। দিল্লিতে কংগ্রেসের পূর্বঘোষিত কর্মসূচি আটকে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।
অধীর চৌধুরীর অভিযোগ, দিল্লিতে কংগ্রেসের ‘তেরঙ্গা যাত্রা’ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে সেন্ট্রাল পার্ক এবং জারি করা হয়েছে বিএনএস-এর ১৬৩ নম্বর ধারা।
ক্ষোভ প্রকাশ করে অধীরবাবু বলেন: “রামলীলা ময়দানে যেখানে দশেরায় রাবণ বধ হয়, সেটা পবিত্র জায়গা। সেখানেও কর্পোরেশন মূর্তি বসিয়ে দিয়েছে। এত ভয় কেন?”
এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তোপ দেগে তিনি বিস্ফোরক মন্তব্য করেন— “যারা নিজেদের বিশ্বগুরু বলে দাবি করে, যারা নিজেদের পালোয়ান মনে করে বলে ‘ঘুস কে মারুঙ্গা’, তারা আজ আরশোলাকে দেখে এত ভয় পাচ্ছে কেন?”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘আরশোলা’ শব্দটির রূপক ব্যবহারের মাধ্যমে অধীরবাবু আসলে বিজেপির ভেতরের আশঙ্কা এবং মনস্তাত্ত্বিক অস্বস্তিকে তুলে ধরেছেন। আর এই কটাক্ষের মাধ্যমেই তিনি প্রধানমন্ত্রী মোদির বহুল চর্চিত ‘৫৬ ইঞ্চি’র ভাবমূর্তি এবং প্রশাসনিক কঠোরতার দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলেন। অধীর চৌধুরীর এই বিস্ফোরক বক্তব্যের পর বহরমপুর সহ সমগ্র জেলা রাজনীতিতে জোর বিতর্ক ছড়িয়ে পড়েছে।

