উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দর্শকদের ৩ ঘন্টা অপেক্ষা করালেন নেহা কক্কর। তারপর মঞ্চে উঠে ক্ষমাও চাইলেন দর্শকদের কাছে। আর তারপরেই শুরু হল অঝোরে কান্না। আর এতেই ক্ষেপে গেলেন দর্শকেরা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
এদিন মেলবোর্নে এক গানের অনুষ্ঠানে মঞ্চে উঠতে দেরি হয়ে যায় তাঁর। এরপর মঞ্চে উঠে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা খুব ভাল। অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমি জীবনে কাউকে এতটা অপেক্ষা করাইনি। তাই আমার খুব খারাপ লাগছে। আপনারা আমার জন্য আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। শোয়ের শেষে যাতে আপনারা নাচের তালে মেতে উঠেন আমি তার দায়িত্ব নিচ্ছি।’’
তবে এতে হিতে বিপরীত হয়, ক্ষেপে ওঠেন দর্শকেরা। একজন দর্শক বলে ওঠেন, ‘হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম করুন। এটা অস্ট্রেলিয়া ভারত নয়।’ আর এই কথা শুনেই কাদতে শুরু করে দেন নেহা। এবার দর্শকদের মধ্যে থেকে আরও একজন বলে ওঠেন, ‘বাহ,খুব ভালো হচ্ছে অভিনয়টা। নাটক কম করুন, এটা ইন্ডিয়ান আইডল নয়।’ এরপর আর কথা না বাড়িয়ে মাত্র ঘন্টাখানেক অনুষ্ঠান করে মঞ্চ থেকে নেমে যান নেহা।
