শিলিগুড়ি : শিলিগুড়ির মুরালিগঞ্জ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ফি সংক্রান্ত নানা অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA), দার্জিলিং জেলা শাখা। বৃহস্পতিবার শিলিগুড়ি শিক্ষা জেলার মাধ্যমিক শিক্ষা পরিদর্শকের কাছে এই নিয়ে একটি স্মারকলিপি জমা দেয় সংগঠনটি। স্মারকলিপিতে বিদ্যালয়ে অবিলম্বে শান্তিপূর্ণ ও নিরাপদ পঠন-পাঠন ফেরানো এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পুনরাবৃত্তি রোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত ফি আদায়ের ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ABTA। প্রধান শিক্ষকসহ দুই অস্থায়ী শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েও পর্ষদের বিধি স্পষ্ট করার দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের মধ্যে যাতে কোনও বিভেদ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষা প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সমিতি। জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরুর নেতৃত্বে এই প্রতিনিধি দলে শুক্লা দাস, কাজল দাস, দীনেশ মণ্ডল, অমৃতেন্দু চ্যাটার্জি, মন্দিরা সরকার ও সমীর মিত্র উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষাবান্ধব পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত হস্তক্ষপের দাবি জানিয়েছে ABTA।
