বৈষ্ণবনগর: চলতি মাসেই পরপর দু’বার জাল নোট উদ্ধারের পর ফের বিপুল অঙ্কের জাল নোট উদ্ধারে বড়সড়ো সাফল্য পেল এসটিএফ। বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ সীমান্তের পারদেওনাপুর এলাকা থেকে ভারতীয় ১ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট সহ এক তরুণকে আটক করল এসটিএফ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার ভোরে পারদেওনাপুর এলাকায় হানা দেয় এসটিএফ। সেখানে সন্দেহজনকভাবে এক তরুণকে ঘোরাফেরা করতে দেখে এসটিএফ তাকে আটক করে। ওই তরুণের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট। নোটগুলি সবগুলিই পাঁচশো টাকার। এরপরই ওই তরুণকে আটক করে এসটিএফ।
গত ৮ জানুয়ারি বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাপছাড়া এলাকা থেকে কুড়ি লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। সেই সময় বৈষ্ণবনগর থানার কুম্ভীরা অঞ্চলের খোসালপাড়া এলাকার কুখ্যাত দুষ্কৃতী রুবেল শেখের বাড়ির কাছাকাছি এলাকায় পুলিশ অভিযান চালায়। যদিও সে জেল হেপাজতে রয়েছে। তবে আগে ৫০০ টাকার জাল নোট উদ্ধার হলেও সেই সময় প্রচুর সংখ্যক ২০০ টাকার জাল নোট উদ্ধার হয়। ওই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে গত ২৩ জানুয়ারি জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের হেপাজত থেকে ১ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছিল। একের পর এক বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার হওয়ার পর কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কে বা কারা জড়িত রয়েছে ইত্যাদি নানা বিষয় খতিয়ে দেখতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
