উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে (Washington, D.C.) হোয়াইট হাউসের (White Home) কাছে ভারী অস্ত্রশস্ত্রসহ ২৬ বছর বয়সী এক ভেনেজুয়েলান যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ওই যুবক ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যার পরিকল্পনা নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল বলে দাবি করেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত টহলের সময় হোয়াইট হাউসের অদূরে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন ট্রাকের দিকে পুলিশের নজর পড়ে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গাড়িটির কাছে গিয়ে যুবকের মুখোমুখি হন এবং তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র রয়েছে কি না তা জানতে চান। যুবকটি জানায়, নিজের নিরাপত্তার কারণে সে অস্ত্র রেখেছে এবং গাড়িতে থাকা একটি বাদামি ব্যাগের দিকে ইঙ্গিত করে। পরে তল্লাশি চালিয়ে ব্যাগটি থেকে একটি এআর-১৫ (AR-15) রাইফেল, একটি ম্যাক-১০ (Mac-10) মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল ও বিপুল গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে জানা যায়, ট্রাকটি সাউথ ক্যারোলাইনা (South Carolina) থেকে চুরি করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদে গুগল ট্রান্সলেটরের (Google Translate) সহায়তায় ওই যুবক দাবি করে, ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যে তার মস্তিষ্ক থেকেই সে এমন নির্দেশ বা অনুপ্রেরণা পেয়েছিল। ঘটনার পরপরই তাকে আটক করে আদালতে তোলা হয়েছে এবং বর্তমানে সে হেফাজতে রয়েছে। এই ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ প্রশাসন।

