হেমতাবাদ: উত্তর দিনাজপুরের হেমতাবাদে (Hemtabad) বাড়ির পাশের পুকুরের জলে ডুবে মৃত্যু হল ১৪ মাসের এক শিশুপুত্রের। শুক্রবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার অন্তর্গত বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে। মৃত শিশুর নাম দীপ্ত রাজবংশী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি গয়াল রাজবংশী ও দীপালী বর্মণের একমাত্র সন্তান দীপ্ত সবেমাত্র হাঁটতে শিখেছিল। এদিন সকাল প্রায় আটটা নাগাদ পরিবারের সদস্যরা যখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা কাজে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সবার অলক্ষ্যে শিশুটি ঘর থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।
সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তার মা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical Faculty and Hospital) পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় হেমতাবাদ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
The put up হেমতাবাদে পুকুরের জলে ডুবে ১৪ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু appeared first on Uttarbanga Sambad.
