উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নিজেদের অবস্থান জানালেন তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ জন সাংসদ। সাংসদ পদ খারিজের দাবিতে জারি হওয়া নোটিশের জবাব মঙ্গলবার, ২৪ নভেম্বর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দিয়েছেন তাঁরা। উল্লেখযোগ্য বিষয়, জবাব দেওয়ার জন্য নির্ধারিত শেষ দিনেই এই পদক্ষেপ করলেন বিদ্রোহী সাংসদরা। তাঁদের দাবি, তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্তে কোনও সংসদীয় বা সাংবিধানিক বিধি লঙ্ঘিত হয়নি।
এনসিপিআইয়ের সংসদীয় দলের চেয়ারপার্সন কাকলি ঘোষ দস্তিদার এই খবর নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য, প্রত্যেক সাংসদ পৃথকভাবে ১৭-১৮ পাতার লিখিত জবাব জমা দিয়েছেন। সেখানে দলত্যাগের অভিযোগ খারিজ করে নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে। তাঁদের দাবি, সমস্ত নিয়ম মেনেই নতুন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন তাঁরা।
এই বিতর্কের সূত্রপাত তৃণমূলের ২০ জন সাংসদের দল ছেড়ে এনসিপিআই শিবিরে যোগ দেওয়াকে কেন্দ্র করে। তাঁদের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ মহুয়া মৈত্র। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী পদক্ষেপের দাবি জানানো হয়। এরপরই সাংসদদের বক্তব্য জানতে নোটিশ পাঠায় লোকসভা সচিবালয়।
আগস্টের শেষ সপ্তাহ থেকেই জবাব দেওয়ার জন্য একাধিকবার অতিরিক্ত সময় চেয়েছিলেন সংশ্লিষ্ট সাংসদরা। প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে বিস্তারিত বক্তব্য তৈরি করতেই সময় লাগছে বলে তাঁদের যুক্তি ছিল। এর আগে ২১ অক্টোবর পর্যন্ত একটি সময়সীমা ছিল। পরে আবেদন মঞ্জুর করে ৩ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। শেষ পর্যন্ত ২৪ নভেম্বরকে চূড়ান্ত দিন হিসেবে ধার্য করা হয়েছিল। এবার সেই সময়সীমা মেনেই জবাব জমা পড়ল।
অন্যদিকে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের অভিযোগ ছিল, জবাব দেওয়ার ক্ষেত্রে অযথা সময় নষ্ট করছেন বিদ্রোহীরা। এখন জমা পড়া বক্তব্য ও নথিপত্র খতিয়ে দেখবেন স্পিকার ওম বিড়লা। তারপরই সাংসদ পদ খারিজের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা। ফলে এই মামলার নিষ্পত্তি কোন পথে এগোয়, তা নিয়ে জাতীয় রাজনীতির পাশাপাশি বাংলার রাজনৈতিক মহলেও নজর রয়েছে।

