শিক্ষানীতির ময়দানে নিধিরাম সর্দার – Uttarbanga Sambad

ভিডিও/VIDEO
Spread the love


জাতীয় শিক্ষানীতি কার্যকর করার তাড়া, শিক্ষক ও পরিকাঠামোর ঘাটতিতে বিপাকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি।

দেবদূত ঘোষঠাকুর

অক্ষরিক অর্থেই যেন ঢালতরোয়ালহীন এক নিধিরাম সর্দার!

পরীক্ষাগার, গ্রন্থাগার নেই। প্রযুক্তিগত পরিকাঠামো নেই। অনেকের নিজস্ব ভবন নেই। স্থায়ী শিক্ষকের অভাব রয়েছে। ‘সবেধন নীলমণি’ অতিথি শিক্ষকদের সাম্মানিকও যথেষ্ট নয়। অথচ জাতীয় শিক্ষানীতি পুরোপুরি কার্যকর করতে হবে। এই পরিস্থিতিতে রাজ্যের সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির এক একটি যেন একেকজন নিধিরাম সর্দার।

মানব না, মানব না করেও ২০২৩ সালে জাতীয় শিক্ষানীতি ২০২০-র সঙ্গে সংগতিপূর্ণ কিছু পরিবর্তনের পথে হেঁটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে জাতীয় শিক্ষানীতি পুরোপুরি গ্রহণ করেনি তারা। নিজস্ব রাজ্য শিক্ষানীতি ২০২৩ ঘোষণা করেছিল রাজ্য। ওই বছর চার বছরের স্নাতক পাঠক্রম চালু হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, পড়ুয়াদের অন্য রাজ্যের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া ঠেকাতেই চার বছরের পাঠক্রম চালু করা হয়েছে।

ঠিক এইভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের তৈরি জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকারও। গত ১১ জুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, রাজ্যে জাতীয় শিক্ষানীতি অক্ষরে অক্ষরে কার্যকর করা হবে। ১ জুলাই তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষামন্ত্রীর বৈঠকেও নীতি রূপায়ণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। ৫ জুলাই উচ্চশিক্ষামন্ত্রী জানান, এই কাজের জন্য কর্মীদল গঠন করা হচ্ছে। আইআইটি খড়্গপুরকেও পরামর্শদাতা হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষাবিদদের প্রত্যাশা ছিল, সব দিক গুছিয়ে নীতি কার্যকরে ঝাঁপাবে সরকার। কিন্তু পরিকাঠামো ও শিক্ষক নিয়োগের ঘাটতি কতটা মিটেছে, প্রশ্ন তা নিয়েই।

আগের জমানায় যে অগোছাল অবস্থা ছিল, তার মেরামত না করে নতুন নীতি কার্যকর করতে গেলে সমস্যা বাড়তে পারে। শিক্ষাবিদদের আশঙ্কা, প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া শিক্ষা ব্যবস্থার মতো সংবেদনশীল ও বিশাল ক্ষেত্রকে রাতারাতি বদলে ফেলার চেষ্টা হিতে বিপরীত হতে পারে। নীতির লক্ষ্য আধুনিক শিক্ষা হলেও, প্রয়োজনীয় শিক্ষক, প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তিগত ব্যবস্থা সব প্রতিষ্ঠানে সমান নয়।

শিক্ষাবিদদের উদ্বেগের বিষয়গুলি তিনটি ভাগে সাজানো যায় : (১) পরিকাঠামোর অভাব ও অপর্যাপ্ত প্রস্তুতি, (২) উচ্চশিক্ষায় বিভ্রান্তি ও পাঠক্রমের চাপ এবং (৩) যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও অর্থের রাজনীতি। তিনটি দিকই পরস্পরের সঙ্গে সম্পর্কিত।

লখনউ বিশ্ববিদ্যালয় এই শিক্ষানীতি রূপায়ণের ক্ষেত্রে পথিকৃৎ। ওই বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত অধ্যাপক বলছিলেন, এই ব্যবস্থার ভিত হচ্ছে পরিকাঠামো। যাঁরা শিক্ষাদান করবেন, তাঁদের যথাযথ নির্বাচন ও নিয়োগ জরুরি। বিশেষজ্ঞ ও পেশাদারদের পাশাপাশি নেট উত্তীর্ণ অথবা পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত তরুণ শিক্ষকদেরও প্রয়োজন।

সেই নিরিখে রাজ্যের অবস্থাটা একটু খতিয়ে দেখা যাক। রাজ্যের সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির বড় একটি অংশ অতিথি শিক্ষকদের ওপর নির্ভরশীল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বিষয়টি অনুধাবন করেছিল। নতুন শিক্ষানীতিতে শিক্ষকদের ওপরে চাপ বাড়বে, তা বিবেচনা করে অতিথি শিক্ষকদের সাম্মানিক সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল কমিশন। ২০১৯ সালের ২৮ জানুয়ারির সংশোধিত নির্দেশিকায় প্রতি বক্তৃতার জন্য ১,৫০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সাম্মানিকের কথা বলা হয়েছিল। অতিথি শিক্ষকদের যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি নিয়েও নির্দেশ ছিল।

কিন্তু রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে কি সেই নির্দেশিকা কার্যকর হয়েছে? গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ১৩ ডিসেম্বরের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে অতিথি শিক্ষকদের প্রতি ক্লাসে ৫০০ টাকা সাম্মানিক দেওয়ার কথা বলা হয়েছিল। এক সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্যের অভিযোগ, তৎকালীন রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতির সঙ্গে সংগতিপূর্ণ কিছু পরিবর্তন করলেও অতিথি শিক্ষকদের সাম্মানিকের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা কার্যকর করেনি। ফলে অভিজ্ঞ ও যোগ্য অতিথি শিক্ষকদের ধরে রাখা কঠিন হয়েছে। অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকেছেন। অথচ অতিথি শিক্ষকদের ওপর নির্ভরতা ক্রমেই বেড়েছে। স্থায়ী শিক্ষক নিয়োগের অভাবেও বিশ্ববিদ্যালয়গুলিতে সমস্যা তৈরি হয়েছে।

অভাব রয়েছে প্রশিক্ষিত শিক্ষকেরও। পাঠদানের ধরনও বদলেছে। বহুবিষয়ক পাঠক্রম, নতুন মূল্যায়ন পদ্ধতি এবং ঋণমান ব্যবস্থার সঙ্গে শিক্ষকদের পরিচিত করাতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রয়োজন। কিন্তু সেই প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে কি না, প্রশ্ন রয়েছে। পেশাগত ক্ষেত্রের বিশেষজ্ঞদের অতিথি শিক্ষক হিসেবে যুক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় করেছে বলে জানা যাচ্ছে। সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলি সে পথে কতটা এগিয়েছে, তা স্পষ্ট নয়।

প্রযুক্তিগত বিভাজনও সমস্যা। জাতীয় শিক্ষানীতিতে ডিজিটাল শিক্ষণ ও প্রযুক্তির ওপরে ব্যাপক জোর দেওয়া হয়েছে। কিন্তু গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার অনেক স্কুল-কলেজে ইন্টারনেট বা কম্পিউটার পরিকাঠামোই যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে ডিজিটাল শিক্ষার সুযোগ সবার কাছে সমানভাবে পৌঁছানো কঠিন।

একইসঙ্গে একাধিক ভিন্নধর্মী বিষয় পড়ার সুযোগ থাকলেও কলেজগুলি রুটিন, আসনবিন্যাস ও শিক্ষক জোগাড় করতে হিমসিম খাচ্ছে। পদার্থবিদ্যার সঙ্গে ইতিহাস পড়ার সুযোগ থাকলে সেই অনুযায়ী শিক্ষক ও শ্রেণিকক্ষের ব্যবস্থা করতে হবে। সব কলেজে সেই সামর্থ্য নেই। চার বছরের স্নাতক পাঠক্রমে দক্ষতা বৃদ্ধি বা মূল্যবোধ সংক্রান্ত অতিরিক্ত পাঠ যুক্ত হয়েছে। এর ফলে মূল বিষয়ের গভীরতা কমছে কি না, প্রশ্ন উঠছে। পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের চাপ পড়ুয়াদের ওপরে বাড়তে পারে।

শিক্ষা সংবিধানের যৌথ তালিকাভুক্ত বিষয়। ফলে নীতি নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্র এবং রাজ্য, দু’পক্ষেরই ভূমিকা রয়েছে। কেন্দ্র জাতীয় শিক্ষানীতি কার্যকরে জোর দিচ্ছে। রাজ্যের বাস্তবতা বিবেচনা না করে তা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। উচ্চশিক্ষার মান ও সমন্বয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশিকারও সাংবিধানিক গুরুত্ব রয়েছে। রাজনৈতিক অবস্থানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলির বাস্তব সমস্যাও বিবেচনায় রাখা জরুরি।

আর্থিক অনুদানের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো ও মানোন্নয়নের জন্য অর্থ সহায়তার সুযোগ রয়েছে। এই প্রকল্পে অংশ নিতে রাজ্যকে কেন্দ্রের সঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করতে হয়। তবে জাতীয় শিক্ষানীতি কার্যকরে দেরি হলেই সব কেন্দ্রীয় শিক্ষা অনুদান বন্ধ হয়ে যাবে, এমন নয়। প্রকল্পের শর্ত ও অনুমোদিত পরিকল্পনার ভিত্তিতেই অর্থবরাদ্দ হয়। তৃণমূল সরকারের নীতি গ্রহণের সিদ্ধান্তের পিছনে অনুদান হারানোর আশঙ্কা কাজ করেছিল কি না, তা প্রমাণসাপেক্ষ বিষয়।

আলোচনার অভাবের অভিযোগও রয়েছে। স্কুল বা কলেজের শিক্ষাবর্ষের সময়সীমা পরিবর্তন কিংবা নতুন পাঠক্রম চালুর আগে শিক্ষক, অভিভাবক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে তৃণমূল স্তরের বাস্তব সমস্যাগুলি অনেক সময় আড়ালেই থেকে যাচ্ছে।

বিকাশ ভবনের অবশ্য যুক্তি, এই শিক্ষানীতি ভারতকে বৈশ্বিক স্তরে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বের করে আনতে জরুরি। ১৯৮৬ সালের পরে নতুন জাতীয় শিক্ষানীতি এসেছে ২০২০ সালে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার জন্য পরিবর্তন প্রয়োজন বলেই মনে করছে সরকার।

শিক্ষাবিদদের মতে, জাতীয় শিক্ষানীতির লক্ষ্য ভালো হলেও আর্থিক বরাদ্দ ও পরিকাঠামো নিশ্চিত না করে এত বড় পরিবর্তন তাড়াহুড়ো করে কার্যকর করলে দীর্ঘমেয়াদি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। উচ্চশিক্ষায় নীতি রূপায়ণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নীচের স্তরের সংস্কারও বাধা পেতে পারে।

কাজ যে হচ্ছে, তা শুধু বোঝা যাচ্ছে কমিটির পর কমিটি দেখে। এত কমিটি কী করছে, তা খালি চোখে বোঝা যাচ্ছে না। বিকাশ ভবনের এক কর্তার মন্তব্য, ২০২৭ সালে চার বছরের স্নাতক পাঠক্রমের প্রথম ব্যাচ উত্তীর্ণ হবে। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কেউ এক বছরের স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তি হবেন, কেউ নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে সরাসরি পিএইচডিতে যাওয়ার সুযোগ পাবেন। তখনই বোঝা যাবে, ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা।

(লেখক সাংবাদিক)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *