শিলিগুড়ি: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই অবৈধভাবে গবাদি পশু পাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য পুলিশ। এরই মাঝে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়া থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অসমগামী ট্রাক থেকে মোট ২৪টি মোষ উদ্ধার করা হয়েছে। ঘটনায় ট্রাকটি আটক করা হলেও সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে চালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া থানার পুলিশের কাছে গোপন খবর আসে যে, অসমের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি ট্রাকে (AS 25 FC 5411) অবৈধভাবে গবাদি পশু বোঝাই করে শিলিগুড়ির ওপর দিয়ে অসমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে মাটিগাড়া থানার পুলিশ। এলাকায় নাকা চেকিং শুরু করার পাশাপাশি সন্দেহভাজন ট্রাকটিকে চিহ্নিত করে আটকানোর জন্য অভিযান চালানো হয়।
অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়েই রাস্তার ধারে ট্রাকটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক। তবে পুলিশ ট্রাকটিকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়। পরবর্তীতে পরিবহণ নগরে ট্রাকটি নিয়ে গিয়ে তল্লাশি চালানো হলে তার ভেতর থেকে মোট ২৪টি মোষ উদ্ধার হয়।
বর্তমানে পলাতক ট্রাকচালকের খোঁজে জোরকদমে তল্লাশি শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। এই পাচার চক্রের নেপথ্যে আর কারা জড়িত রয়েছে এবং কোথা থেকে কোথায় এই গবাদি পশুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই অবৈধ গবাদি পশু পাচার বরদাস্ত করা হবে না এবং এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে আগামী দিনেও লাগাতার অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ জারি থাকবে।

