টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর নিন্দা করছেন রাহুল গান্ধী! বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘আপোসকারী’ বলে তোপ দেগেছেন তিনি। তারপরেই এক্স হ্যান্ডেলে রাহুলকে তুলোধোনা করেছেন বিজেপি মুখপাত্র তুহিন সিনহা। তাঁর তোপ, অর্থ নিয়ে দেশকে বদনাম করছেন কংগ্রেস সাংসদ।
দক্ষিণ চিনের শেনজেন শহরে আয়োজিত হচ্ছে ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’। সেখানেই প্রথমবার কূটনীতির টেবিলে একসঙ্গে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলেছে সেই বৈঠক। আলোচনায় আন্তর্জাতিক নিরাপত্তা, পরমাণু অস্ত্র, ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। শুধু তাই নয়, বিশ্বে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছেন তিন রাষ্ট্রপ্রধান।
আরও পড়ুন:
ওই বৈঠকের একটি ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে রাহুল লেখেন, ‘যদি এখন কংগ্রেস ক্ষমতায় থাকত, তাহলে ভারতের প্রধানমন্ত্রীও থাকতেন এই টেবিলে। কিন্তু যে প্রধানমন্ত্রী আপোস করেন, তাঁর জায়গা হবে না এই টেবিলে।’ উল্লেখ্য, এই ছবি পোস্ট করার কয়েকঘণ্টা আগেই শিকাগো বিশ্ববিদ্যালয়ে বসে রাহুল বলেছেন, “ভারত এত বড় দেশ, সেকারণেই সমস্ত আন্তর্জাতিক আলোচনায় আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। কিন্তু সত্যি কথা বলতে, ভারত এখন এক কোণায় পড়ে রয়েছে। অন্য়দিকে পাকিস্তান কিন্তু ইরান আর আমেরিকার সঙ্গে আলোচনায় ব্যস্ত।” সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, “উনি সকলকেই নিজের বন্ধু বলে দাবি করেন। কিন্তু ভূরাজনীতিতে বন্ধুত্ব দিয়ে কিছুই হয় না। কেউ বন্ধুত্বকে পাত্তা দেয় না।”
রাহুলকে পালটা দিয়ে তুহিন লিখেছেন, শিমলা চুক্তির সময়ে ইন্দিরা গান্ধীও আপোস করেছেন। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন একাধিকবার চিন-পাকিস্তানের সঙ্গে আপোস করেছে তারা। তুহিন আরও বলেন, ‘মনে হচ্ছে ভারতের বদনাম করার জন্য টাকা পাচ্ছেন রাহুল গান্ধী। সত্যিটা হল, বিশ্বমঞ্চে আজ ভারত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।’ সবমিলিয়ে, রাহুলের বিদেশ সফর ঘিরে দেশের রাজনৈতিক উত্তাপ বাড়ছে অনেকটাই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
