ধূপগুড়ি: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় সদ্য সমাপ্ত ভোটে ভোট দিতে পারেননি। সেই থেকেই ক্রমে মানসিক অবসাদে ভুগছিলেন ধূপগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বানু বেগম (৪৩)। এরপরই শুক্রবার বিকেলে নিজের বাড়ি থেকে ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই প্রতিবেশীদের নানা কটাক্ষ ও সংশয়মূলক কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এ বছরের ভোটে ভোট দিতে না পেরে মানসিক চাপে পড়েছিলেন বানু বেগম। অভিযোগ, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর প্রতিবেশীদের অনেকেই তাঁকে নানা কথা শোনাতেন। ভোটার তালিকায় নাম বা ভোটার কার্ড না থাকলে এ দেশে কোনো সরকারি সুবিধা মিলবে না, এমনকি তাঁকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হতে পারে—এমন কথাও শুনতে হতো বলে দাবি পরিবারের।
মৃতার কাকাতো ভাই জাভেদ আলি জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এ বছর ভোট দিতে পারেননি বানু। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মাঝেমধ্যেই প্রতিবেশীরা বাড়িতে এসে নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তুলে কথা শোনাতেন, যার জেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
অন্যদিকে, মৃতার ভাই মন্টু আলমের দাবি, প্রতিবেশীদের অনেকেই বাড়িতে এসে বলতেন যে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং ভোটার তালিকায় নাম না থাকলে এ দেশে কোনো সুবিধা পাওয়া যাবে না। এই সব শুনে গত সাত-আট মাস ধরে চরম আশঙ্কায় ভুগছিলেন বানু বেগম। চিকিৎসা করিয়েও পুরোপুরি সুস্থ করা যায়নি। মূলত এই ধরনের সংশয়মূলক কথা শোনানোর জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ পরিবারের।
শুক্রবার বিকেলে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় বানু বেগমকে দেখতে পান পরিবারের সদস্যেরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ হেফাজতে নেয় এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত সারে পুলিশ।
ধূপগুড়ি থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিবারের লোকেরা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি জানিয়েছেন এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। নির্দিষ্ট ধারায় অভিযোগ বা মামলা রুজু হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

