শিলিগুড়ি ও কলকাতা: গোর্খা জনমুক্তি মোর্চার হাত ধরে সফর শুরু, তারপর বিজেপি ও তৃণমূল কংগ্রেসের শিবির ঘুরে এবার কংগ্রেসে কার্সিয়াংয়ের প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বিপি বজগায়েন (Bishnu Prasad Sharma)।
শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেস সদর দপ্তর বিধান ভবনে সর্বভারতীয় কংগ্রেসের (এআইসিসি) (AICC) পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রকাশ যোশি তাঁর হাতে দলীয় ঝান্ডা তুলে দেন। বিষ্ণুপ্রসাদের দাবি, ‘বিজেপি বিরোধী হিসাবে এখন কংগ্রেসই একমাত্র ময়দানে নেমে লড়াই করছে। পাহাড়ের জন্য যা কিছু করার কংগ্রেস করেছে। বিজেপির আমলে কিছু হয়নি। তাই পাহাড়ের ভালো কিছু করতে হলে ওরা করবে। বিজেপি শুধু গোর্খাদের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। এখন লড়াই হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া বনাম কাজ করে যাওয়া।’
বিমল গুরুংয়ের মোর্চার সঙ্গে ২০০৭ সাল থেকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলনে ছিলেন বিষ্ণুপ্রসাদ। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে কার্সিয়াং বিধানসভায় বিজেপি প্রার্থী করে। ভোটে জিতে বিধায়ক হন। কিন্তু বিজেপি পৃথক রাজ্যের দাবিকে মান্যতা দেওয়া নিয়ে পদক্ষেপ না করায় কিছুদিন পর থেকেই দলবিরোধী অবস্থান নিয়েছিলেন এই বিধায়ক।
২০২৪ সালে লোকসভা ভোটে দার্জিলিং আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্টের বিরুদ্ধে প্রার্থী হন বিষ্ণুপ্রসাদ। তবে, কোনও দাগ কাটতে পারেননি। কিন্তু দলবিরোধী কাজের পরেও পাহাড়ের আবেগ মাথায় রেখে বিতর্কিত নেতার বিরুদ্ধে বিজেপি পদক্ষেপ করেনি।
গত বিধানসভা ভোটের আগে আচমকাই বিষ্ণু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সেসময় কার্সিয়াংয়ের বিধায়কের বক্তব্য ছিল, ‘তৃণমূলের সঙ্গে থেকে পাহাড়, তরাই আর ডুয়ার্সের জন্য কাজ করতে চাই।’
তৃণমূল যে রাজ্যের শাসনক্ষমতা থেকে চলে যেতে পারে, সম্ভবত এই আঁচ ভোটের প্রাকমুহূর্তেও করতে পারেননি বজগায়েন। কিন্তু পাহাড় থেকে সমতলে তৃণমূল ও তার সহযোগী দলগুলি বিজেপির কাছে পর্যুদস্ত হওয়ার পরই তৃণমূলের প্রতি মোহভঙ্গ হয় বজগায়েনের। তারপর থেকে রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য বিকল্প চিন্তাভাবনা শুরু করেছিলেন।
ফলস্বরূপ শুক্রবার কংগ্রেসে যোগদান। তিনি বরাবর পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে সওয়াল করেছেন। কী আশা নিয়ে কংগ্রেসে গেলেন? কংগ্রেস কি পৃথক রাজ্য দেবে? এই প্রশ্নের জবাব এড়িয়ে বজয়াগেন বলেছেন, ‘দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কংগ্রেস আমলে হয়েছে।’ তাঁর কথায়, ‘তৃণমূলের যা অবস্থা, তাতে ওই দলে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে না।’
এই ইস্যুতে সাবধানি বক্তব্যও হাত শিবিরের প্রদেশ সভাপতির। বলেছেন, ‘সংবিধান মোতাবেক গোর্খাদের জন্য যা যা করা প্রয়োজন দল করবে। গোর্খাল্যান্ড মানে আলাদা দেশ বা রাষ্ট্র- এমন কোনও ব্যাপার নেই।’
বিধান ভবনে বজগায়নের যোগদানের অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, মুনীশ তামাং প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন যুব কংগ্রেস, ছাত্র, আদিবাসী সেল ও সেবাদলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রকাশ-শুভঙ্কররা। সাংগঠনিক কাজকর্ম ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ২৬ নভেম্বর সংবিধান দিবসে সংবিধান হাতে মেগা র্যালির আয়োজন হচ্ছে। তাতে সমস্ত জেলার নেতারা অংশ নেবেন।

