নাহ! মোটেও রাজনীতির ভাষা নয়। হুমায়ুন কবীরের কথায় রাজনৈতিক সংস্কৃতির বালাই নেই। বিরোধ ও বৈরিতাকে গুলিয়ে ফেলা হচ্ছে। বহুদলীয় গণতন্ত্রে বিভিন্ন দলের অস্তিত্ব বাস্তব। দলগুলির পরস্পরের প্রতি বিরোধ গণতন্ত্রসম্মত। পরস্পরের নীতির সমালোচনাও গণতন্ত্রের সংস্কৃতি। কিন্তু ভিন্ন দলের নেতার মৃত্যুকামনা কিছুতেই সেই সংস্কৃতি হতে পারে না। রাজনৈতিক অবস্থানের বিরোধ কোনও অবস্থাতেই ব্যক্তিগত শত্রুতার নামান্তর নয়। হুমায়ুন তাই করেছেন।
নওদার বিধায়ক, আম জনতা উন্নয়ন পার্টি নামের একটি দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর এখন পুলিশি টানাপোড়েনের শিকার। তাঁকে নানা মামলায় প্রায়ই পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করছে, তাঁর সমর্থকদের হেনস্তা করছে, গ্রেপ্তার করছে। ফলে সরকারের প্রতি তাঁর ক্ষোভ, রাগ থাকার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু রাগের বহিঃপ্রকাশ যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা হয়, ইন্দিরা ও রাজীব গান্ধির মতো নৃশংস খুনের ‘অভিশাপ’ হয়, তা বরদাস্ত করা যায় না।
আলটপকা মন্তব্যের জন্য কুখ্যাত হুমায়ুন। কিন্তু এবার তিনি অরাজনৈতিক মানসিকতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন। কথায় বলে চরম শত্রুরও কেউ মৃত্যুকামনা করে না। কেননা, জীবন মানুষের অমূল্য সম্পদ। সেই জীবনের সুষ্ঠু ও সুস্থ যাপন নিশ্চিত করা যে কোনও রাজনৈতিক দলের লক্ষ্য। অন্তত তাই হওয়া উচিত। সাধারণ মানুষের মধ্যেও অপরের মৃত্যুকামনা একেবারে অনভিপ্রেত এবং সমস্তরকম সামাজিকতার পরিপন্থী।
রাজনীতি মতাদর্শগত দেউলিয়া হয়ে গেলেই একমাত্র হুমায়ুনের মতো মন্তব্য কেউ করতে পারে। নীতিনৈতিকতা হারিয়ে শুধু ভোটের ময়দানে টিকে থাকাই একমাত্র লক্ষ্য হলে এমন বিচ্যুতি আসে। শুধু নওদার বিধায়ক নন, আজকাল অনেক দলীয় নেতার মুখের ভাষায় নৈতিকতার লাগাম থাকছে না। সদ্য আরও একবার আক্রান্ত হয়েছেন মমতাপন্থী শিবিরের বিধায়ক কুণাল ঘোষ। কার্যত গাড়ি ঘিরে বন্দুক উঁচিয়ে তাঁর প্রাণনাশের চেষ্টা হয়েছে বলে অভিযোগ।
ঘটনাটির নিন্দায় কোনও ভাষাই যথেষ্ট নয়। কিন্তু তিনিও হামলাকারীদের উদ্দেশে টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে যে ধরনের কথা বলেছেন, তা লেখার অযোগ্য একধরনের গালাগাল। নির্দ্বিধায় তাঁর উচ্চারিত অপরিশীলিত শব্দটি মোটেও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন নয়। এমনকি, এই ধরনের মন্তব্যের সঙ্গে রাজনৈতিক নৈতিকতার কোনও সম্পর্ক নেই। অথচ দলীয় নেতাদের আচরণে ও ভাষায় নৈতিকতা ও মতাদর্শের প্রতিফলন থাকা বাঞ্ছনীয়।
বিজেপি নেতা সজল ঘোষের মুখেও বিরোধীদের ব্যঙ্গ করতে গিয়ে বিতর্কিত বাগেশ্বর বাবার নামের যে উচ্চারণ শোনা গিয়েছে, তাও চরম অনৈতিকতা ও অরাজনীতির বহিঃপ্রকাশ। শুধু বাংলায় নয়, দেশজুড়ে এমন কু-ভাষা ও কু-সংস্কৃতির দাপাদাপি চলছে কিছুদিন ধরে। রাজনীতিগত লড়াই ও প্রতিযোগিতা হারিয়ে গেলে সংসদীয় গণতন্ত্র বিপন্ন হয়। ভারতে এখন তাই চলছে। অশ্রাব্য ও কুৎসিত কথার ফুলঝুরি ছুটছে বিভিন্ন দলের নেতাদের মুখে।
গত কয়েক মাসের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের মতো উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলার সময় একই ধরনের শব্দের উচ্চারণ শোনা গিয়েছে। যা সার্বিকভাবে বঙ্গ সংস্কৃতির অধঃপতনের প্রমাণ। ঠেলায় পড়ে নওদার বিধায়ক হুমায়ুন ২৪ ঘণ্টার মধ্যে ভোল বদলে মুখ্যমন্ত্রীর স্তুতি করেছেন ঠিকই। কিন্তু এই ডিজিটাল যুগে তাঁর আগের মন্তব্যটি তাতে মুছে দেওয়া সম্ভব নয়। তাঁর প্রকৃত মনোবৃত্তি সেই আগের কথায় ধরা পড়ে গিয়েছে।
মন্তব্য পালটালেও সেই কুৎসিত মানসিকতা আর ঢাকা সম্ভব নয়। কুণাল ও সজলের ক্ষেত্রেও ওই ধরনের শব্দ ব্যবহার তাঁদের শুধু অরাজনৈতিক নয়, হিংস্র মানসিকতার প্রকাশ। নীতিনৈতিকতা, আদর্শ প্রচারে জনমত সংগঠিত করার বদলে ভোটের মাধ্যমে ক্ষমতা দখলের লক্ষ্যে কামড়াকামড়ি প্রাধান্য পেতে শুরু করায় বিভিন্ন দলের নেতারা সংসদীয় শিষ্টাচারের তোয়াক্কা করছেন না। সেজন্যই অপশব্দ, অপ-ভাষার এমন প্রাবল্য। যা বাস্তবে গোটা সমাজকে কলুষিত করছে।

