প্রতিকূলতা জয় করে রাজ্য কুস্তিতে সোনা মালবাজারের চা বাগানের তরুণী শিয়ার

শিক্ষা
Spread the love


মালবাজার: আর্থিক অনটন ও নানা সামাজিক প্রতিকূলতাকে দূরে ঠেলে রাজ্যস্তরের কুস্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক ছিনিয়ে নিলেন জলপাইগুড়ির মালবাজার (Malbazar) ব্লকের মিনগ্লাস চা বাগানের তরুণী শিয়া দর্জি (Siya Dorjee)। উত্তর ২৪ পরগনার সোদপুরে আয়োজিত ৭৩তম সিনিয়র স্টেট রেসলিং চ্যাম্পিয়নশিপে (Senior State Wrestling Championship) রাজ্যের অন্যান্য প্রতিযোগীদের পরাস্ত করে তিনি এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।

শ্রমিক পরিবারের ২২ বছর বয়সি এই তরুণীর কুস্তির পথচলা খুব সহজ ছিল না। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গজলডোবার প্রশিক্ষক আশীষ শিলের অধীনে কুস্তির তালিম নেন তিনি। এর আগে ২০১৯ সালে রাজ্যস্তরের জুনিয়র বিভাগে দ্বিতীয় স্থান দখল করে জাতীয় স্তরে ডাক পেয়েছিলেন শিয়া। তবে সে সময় অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতায় নামা সম্ভব হয়নি তাঁর। এরপর ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর খেলাধুলোর গতি কিছুটা থমকে যায়।

বর্তমানে দুই বছরের সন্তানের জননী শিয়া থেমে থাকেননি। প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে পরিবারের পূর্ণ সমর্থনে ফের শরীরচর্চা ও ম্যাটে ফেরা শুরু করেন তিনি। কুস্তির পাশাপাশি ফুটবলেও পারদর্শী এই তরুণী নিজের একাগ্রতা বজায় রেখে অবশেষে সিনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক নিজের নামে করলেন।

শিয়ার এই বিজয়ে তাঁর এলাকা মিনগ্লাস চা বাগানে খুশির আবহ তৈরি হয়েছে। এখন জাতীয় স্তরে নিজের পারদর্শিতা প্রমাণ করাই তাঁর মূল লক্ষ্য বলে জানা গিয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অভিমত, ডুয়ার্সের চা বাগান অঞ্চল ও গ্রামীণ স্তরে প্রতিভার অভাব নেই, কিন্তু উপযুক্ত সুযোগ ও পরিকাঠামোর অভাবে অনেকেই এগিয়ে যেতে পারছেন না। শিয়ার এই সাফল্য আগামী দিনে এলাকার বহু তরুণীকে খেলাধুলোয় অনুপ্রাণিত করবে। এর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে উপযুক্ত স্টেডিয়াম ও ক্রীড়া পরিকাঠামো তৈরির দাবিও আরও জোরালো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *