একেই হয়তো বলে ‘লঘু পাপে গুরু দণ্ড’। পাঁচ টাকার খৈনির প্যাকেটের জন্য বিরাট বিপদে পড়লেন উত্তরপ্রদেশের এক যুবক। কর্মস্থল সৌদি আরবে যাওয়ার পথে বাহারিন বিমানবন্দরে নামেন তিনি। তখনই তাঁর ব্যাগে একটি খৈনির প্যাকেট পান বিমানবন্দর কর্মীরা। এর জের ভিনদেশে ১৮ দিন জেল খাটতে হল তাঁকে। তাতেও অবশ্য অপরাধ মাফ হয়নি। ১৮ লক্ষ জরিমানা দেওয়ার পরেই জেলমুক্ত হন তিনি।
উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা সৌরভ রায়। সৌদি আরবে গাড়ি চালানোর কাজ করেন তিনি। সম্প্রতি মুম্বই থেকে বাহরিনে গিয়েছিলেন পর্যটন ভিসায়। সেখানে বিমানবন্দরে নামতেই বিরাট বিপদে পড়েন। সৌরভের ব্যাগ থেকে একটি পাঁচ টাকা দামের ছোট খৈনির প্যাকেট মিলতেই তাঁকে গ্রেপ্তার করে বাহারিনের পুলিশ। সৌরভের মোবাইল ফোন ও ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। গুরুত্বপূর্ণ তদন্তটি হস্তান্তর করা হয় সে দেশের সিআইডি-র হাতে।
আরও পড়ুন:
বাহারিনের তদন্তকারীদের সৌরভ জানান, তাঁর খৈনির নেশা রয়েছে, পাচারের উদ্দেশ্যে খৈনি আনেননি তিনি। যদিও শুরুতে সেকথা শুনতে চায়নি ভিন দেশের তদন্তকারীরা। সৌরভ জানিয়েছেন, একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কম্বল বা কোনও গরম পোশাক ছাড়াই প্রায় তিন সপ্তাহ তাঁকে আটকে রাখা হয়। এদিকে, সৌরভের আত্মীয়রা চিন্তিত হয়ে পড়েন। পরিবারের ছেলের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। এই অবস্থায় আজমগড়ের পুলিশ সুপার, জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করে পরিবারটি। জেলা প্রশাসন বিষয়টি বিদেশ মন্ত্রককে জানায়। এই সূত্রেই সৌরভের বাহারিনের জেলে থাকার বিষয়টি জানা যায়।
আরও পড়ুন:
যদিও এরপরেও মুক্তি পাননি উত্তরপ্রদেশের যুবক। শেষ পর্যন্ত ১৮ দিন জেলবাসের পর ৭,২০০ বাহরিন দিনার (ভারতীয় মুদ্রায় ১৮ লক্ষ টাকা) জরিমানার বিনিময়ে মুক্তি দেওয়া হয় সৌরভকে। ছাড়া পাওয়ার পর সৌদি ঘুরে ভারতে ফিরে এসেছেন যুবক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
