এসআইআরে ভোটার তালিকায় যাঁদের নাম ট্রাইব্যুনালে গিয়েছে বা এখনও ভোটার তালিকায় নাম ওঠা বিবেচনাধীন রয়েছে, এবার তাঁদের বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু করল হাওড়া সিটি পুলিশ ও হাওড়া গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা। আচমকাই বাড়ি গিয়ে পুলিশ এভাবে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স এবং তথ্য চাওয়ায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। যদিও এক্ষেত্রে পুলিশের দাবি, তাঁরা নাকি উপরতলার নির্দেশেই এই কাজ করছেন। যদিও বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কীভাবে পুলিশ এভাবে তথ্য সংগ্রহের কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। এই মর্মে ইতিমধ্যে জেলাশাসককে চিঠিও দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বললেন, ‘‘রাজ্য পুলিশের পক্ষ থেকে সব ক’টি জেলায় ট্রাইব্যুনালে নাম থাকা ভোটারদের নথি যাচাই করতে প্রতিটি থানাকে বলা হয়েছে। সেইমতোই আমরা কাজ করছি।’’
আরও পড়ুন:
জানা যায়, বুধবার সকালে জগাছায় ট্রাইব্যুনালে নাম থাকা কিছু ভোটারের বাড়িতে গিয়ে পুলিশ আধার ও ভোটার কার্ডের জেরক্স চাইলে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, জগাছার উনসানির ২৪ নম্বর বুথের ৪৬ নম্বর ওয়ার্ডে ৩৭১ জন বাসিন্দার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। তাঁদের নাম ট্রাইব্যুনালে এখনও বিবেচনাধীন রয়েছে। এদিন ওই এলাকার বাসিন্দা সিপিএমের প্রাক্তন কাউন্সিলর আজবাহার আলি মিদ্দের বাড়িতেও যায় পুলিশ। তাৎপর্যপূর্ণভাবে তাঁর নামও ট্রাইব্যুনালে বিবেচনাধীন। এদিন সিপিএমের এই প্রাক্তন কাউন্সিলর অভিযোগ তোলেন, ‘‘এইসব নথি তো নির্বাচন কমিশনের আধিকারিকদের নেওয়ার কথা। আমার গত এপ্রিল মাস থেকে ট্রাইব্যুনালে নাম বিবেচনাধীন। নির্বাচন কমিশনের আধিকারিক বিএলও পুলিশের এই নথি সংগ্রহের ব্যাপারে কিছু জানেন না। অথচ পুলিশ আচমকা বাড়িতে এসে আমাদের যাঁদের ট্রাইব্যুনালে নাম রয়েছে তাঁদের কাছ থেকে নথি সংগ্রহ করছে। পুলিশকে নির্দেশিকা দেখাতে বললে পুলিশ বলছে ওপরমহলের নির্দেশ আছে। কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দলগতভাবে এই পদ্ধতির আমরা তীব্র প্রতিবাদ করছি। কারণ অনেকেই বাড়িতে এসে পুলিশের নথি চাওয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন। এটা করার আগে সাধারণ মানুষকে নির্বাচন কমিশনের জানানো উচিত ছিল। কিন্তু তা করা হয়নি বলেই আমরা এর প্রতিবাদ করছি।’’

যদিও এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বললেন, ‘‘রাজ্য পুলিশের পক্ষ থেকে সব ক’টি জেলায় ট্রাইব্যুনালে নাম থাকা ভোটারদের নথি যাচাই করতে প্রতিটি থানাকে বলা হয়েছে। সেইমতোই আমরা কাজ করছি।’’ এদিকে এদিন সিপিএমের হাওড়া জেলার নেতা তথা বাম দলগুলির আহ্বায়ক পরেশ পাল বুধবার হাওড়ার জেলাশাসককে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি এ ব্যাপারে জেলাশাসককে বাম দলগুলির সঙ্গে বৈঠক করার আবেদন করেছেন। এদিন হাওড়া জেলা বামফ্রন্টের তরফে অভিযোগ করা হয়েছে, কীসের ভিত্তিতে সাধারণ মানুষকে না জানিয়ে, সর্বদলীয় বৈঠক না করে এভাবে বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের কাছ থেকে নথি সংগ্রহ করা হচ্ছে? নির্বাচন কমিশনের আধিকারিকদের কাজ কেন পুলিশ করছে? সেই প্রশ্ন এদিন জেলা বামফ্রন্টের তরফে তুলে এর নিন্দা করা হয়। জানা গিয়েছে, এদিন হাওড়ার জগাছা, সাঁতরাগাছি ও বাগনান থানার পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এই নথি সংগ্রহের কাজ করে। আর এ নিয়ে অনেক এলাকাতেই আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
