পাঁচে পাঁচ! ম্যাকলারেনের প্রত্যাবর্তনে চার্চিল বধে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোহনবাগান

রাজ্য/STATE
Spread the love


দিন সাতেক পর আইএসএল ডার্বি। তার আগে চার্চিল ব্রাদার্সেকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোহনবাগান। গোয়ার মাঠে ফিট ম্যাকলারেনকে দেখে চওড়া হাসি ফুটেছিল মেরিনার্সের। চার্চিলের বিরুদ্ধে ফিরলেন অজি তারকা। গোল পেলেন না। তবেও দু’টি গোলের ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। বোঝাই যাচ্ছিল, ভালো কিছু করার তাগিদ নিয়ে শনিবার নেমেছিলেন। চার্চিলকে ২-১ গোলে হারিয়ে গোয়া থেকে ফিরছে মোহনবাগান। টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলে আবারও শীর্ষে সবুজ-মেরুন।

এই ম্যাচে প্রথম একাদশে শুরু করেননি আলবার্তো রডরিগেজ। ইতিমধ্যেই তিনটে হলুদ কার্ড দেখে ফেলেছেন তিনি। আর একটা হলুদ কার্ড দেখলে ডার্বিতে পাওয়া যাবে না তাঁকে। তাই ঝুঁকির পথে হাঁটেননি প্যানোস। চার ভারতীয় রক্ষণভাগের খেলোয়াড়রা ভালো খেললেন বটে, কিন্তু ভুলও। তাতে তৈরি হল রক্ষণের ফাঁক। পিছিয়ে পড়লেও সবুজ-মেরুনকে শেষ বাঁশি বাজা পর্যন্ত চাপে রাখল চার্চিল। যদিও শুরু থেকেই আগ্রাসী শুরু করলেন ম্যাকলারেন-ছাংতেরা। ৯ মিনিটে ভালো জায়গায় থেকে বল বাড়াতে পারলেন না শুভাশিস বোস। তাঁর ক্রস সরাসরি চলে যায় চার্চিল গোলকিপার অনুজ কুমারের দস্তানায়। ১৯ মিনিটে দ্রাজিচ-ম্যাকলারেন-ছাংতের ত্রিফলায় দুরন্ত আক্রমণ তৈরি হয়। সজাগ ছিল চার্চিল রক্ষণ।

আরও পড়ুন:

২১ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিলেন লিস্টন কোলাসো। বাঁদিক থেকে ছাংতের ঠিকানালেখা ক্রস থেকে দুরন্ত হেড করেন লিস্টন। কিন্তু হেডের থেকেও ততোধিক ভালো সেভ অনুজের। গোল পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৬ মিনিটে টিম গেমের ফসল ছাংতের গোল। দ্রাজিচের ক্রস চলে আসে ম্যাকলারেনের কাছে। তার বাড়ানো বলে ছোট্ট টোকায় বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি মিজো ফুটবলার। তবে ৩০ মিনিটে হাইড্রেশন ব্রেকের পর থেকে গিয়ার বদল করে চার্চিলও। সালু, ভিন্সি ব্যারেটোরা বেশ কয়েকবার বিপজ্জনক হয়ে ওঠে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গুতিয়েরেসের শট বাঁচান ‘কাইট’ বিশাল কাইথ। এরপর কাইথ-ওকোরোর মধ্যে কথার যুদ্ধও নজর এড়ায়নি। শেষ পর্যন্ত ১ গোলে এগিয়ে বিরতিতে যায় সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান রক্ষণে চাপ বাড়ায় চার্চিল। ৪৭ মিনিটে লিকের দূরপাল্লার শট রুখে দেন বিশাল। পরের মিনিটেই দ্রাজিচের সামনে মোহনবাগানকে এগিয়ে দেওয়ার সুযোগ চলে এসেছিল। ৫৩ মিনিটে ছাংতে ও লিস্টনকে তুলে নামানো হয় অনিরুদ্ধ থাপা ও মনবীর সিংকে। এই পরিবর্তনে যেন প্রাণ ফেরে মোহনবাগানে। ৫৭ মিনিটে শুভাশিসের ক্রস থেকে মনবীরের হেড লক্ষ্যভ্রষ্ট। তবে ৬১ মিনিটে ‘সুপার সাব’ হয়ে উঠলেন অনিরুদ্ধ। আবারও ম্যাকলারেন বল বাড়ান। তিন কাঠি চিনে নিতে ভুল করেননি অনিরুদ্ধ। ৬৫ মিনিটে সেবাস্তিয়ান গুতিয়েরেস সুযোগ পেয়ে গেলেও চার্চিলের হয়ে ব্যবধান কমাতে পারেননি। ৬৮ মিনিটে স্টেন্ডলি ফার্নান্ডেসের প্রচেষ্টাও রুখে দেন বাগান ডিফেন্স। এরপর জোড়া বদল করেন সবুজ-মেরুন কোচ। দ্রাজিচের জায়গায় নামেন কিয়ান নাসিরি। ম্যাকলারেনের পরিবর্তে আসেন লি আরউইন। ৮৫ মিনিটে মনবীরের ভুলে পেনাল্টি থেকে গোলে চার্চিলের হয়ে ব্যবধান কমান গুতিয়েরেজ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে গোয়া থেকে ৩ পয়েন্ট নিয়ে আসছে মোহনবাগান।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *