উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস মামলায় দিল্লির একটি বিশেষ আদালত ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করেছে। শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের ফাস্ট-ট্র্যাক আদালতের বিশেষ বিচারক অজয় গুপ্তের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। শুনানিকালে সব অভিযুক্তই নিজেদের নির্দোষ দাবি করে আইনি বিচারের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন।
এর আগে গত ১৮ নভেম্বর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়ে ২১ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল। বিচারবিভাগীয় হেফাজতে থাকা অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিতির নির্দেশ অনুসারে তাঁদের সামনেই শনিবার চার্জ গঠন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং তথ্যপ্রমাণ লোপাট সংক্রান্ত বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন আইন, পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) আইন ২০২৪ এবং কপিরাইট আইনের ৬৩ নম্বর ধারাও যুক্ত করা হয়েছে।
তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI) এই মামলায় মোট ৩৬০ জন সাক্ষী, ৪২২টি নথি এবং ৪৩টি বস্তুগত প্রমাণের উল্লেখ করেছে। তবে চার্জশিটে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বা কোনও সরকারি আধিকারিকের নাম এখনও আসেনি। সিবিআইয়ের দাবি অনুযায়ী, বিষয়-বিশেষজ্ঞ এবং বহিরাগত মধ্যস্থতাকারীদের একটি চক্র মিলেই এই প্রশ্নপত্র ফাঁস এবং তা ছড়িয়ে দেওয়ার কাজ করেছিল।
The submit নিট প্রশ্নফাঁস মামলা: দিল্লির বিশেষ আদালতে ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন appeared first on Uttarbanga Sambad.
