তিস্তায় ছাড়া হলো ৭০ হাজার চারাপোনা, নদীর জীববৈচিত্র্য রক্ষায় কড়া পদক্ষেপের বার্তা

ভিডিও/VIDEO
Spread the love


জলপাইগুড়িঃ নদীর জীববৈচিত্র্য পুনর্গঠন এবং জলজ বাস্তুতন্ত্র রক্ষার লক্ষ্যে তিস্তা (Teesta River) নদীতে ছাড়া হলো প্রায় ৭০ হাজার মাছের চারাপোনা। কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’ (Pradhan Mantri Matsya Sampada Yojana)-র আওতায় জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তর এবং বেনফিস (BENFISH)-এর যৌথ উদ্যোগে বুধবার এই কর্মসূচি নেওয়া হয়। জলপাইগুড়ি শহর সংলগ্ন দোমহনি এলাকায় তিস্তা নদীতে এই পোনা ছাড়েন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের পদস্থ আধিকারিক ছাড়াও স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মৎস্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, জেলার নদীগুলিতে মাছের আকাল দূর করতে তিস্তা, জলঢাকা ও ধরলা নদীতে মোট ২ লক্ষ চারাপোনা ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে বুধবার তিস্তা নদীর দোমহনি এলাকায় ছাড়া পোনাগুলির মধ্যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোরোলি ছাড়াও রয়েছে রুই, কাতলা ও মৃগেল। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার ধূপগুড়ি সংলগ্ন জলঢাকা নদীতে আরও ৭০ হাজার এবং শুক্রবার ক্রান্তির ধরলা নদীতে বাকি ৬০ হাজার চারাপোনা ছাড়া হবে।

নদীতে মাছের সংকট তৈরি হওয়ার পেছনে দূষণ এবং কিছু অসাধু ব্যক্তির বিষাক্ত কীটনাশক ও নিষিদ্ধ চায়না জালের ব্যবহারকে দায়ী করা হয়েছে। সাংসদ জয়ন্ত কুমার রায় জানান, পোনা ছাড়ার এই পদক্ষেপে স্থানীয় মৎস্যজীবীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট করে বা রাসায়নিক ছড়িয়ে নির্বিচারে মাছ ধরা রুখতে মৎস্য দপ্তরকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জলপাইগুড়ি মৎস্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রমেশ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, জল কমে যাওয়ার সময়েই সাধারণত এই ধরনের বেআইনি তৎপরতা বাড়ে। সচেতনতা প্রচারের পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আইনানুগ কড়া পদক্ষেপ নেওয়া হবে।

 

The publish তিস্তায় ছাড়া হলো ৭০ হাজার বোরোলি-রুই-কাতলার চারাপোনা, নদীর জীববৈচিত্র্য রক্ষায় কড়া পদক্ষেপের বার্তা সাংসদ জয়ন্ত রায়ের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *