চাঁচলের হোটেল থেকে অসমের অপহৃত শ্রমিক উদ্ধার, গ্রেপ্তার ৩ অভিযুক্ত

শিক্ষা
Spread the love


সামসী: অসম থেকে অপহৃত এক পরিযায়ী শ্রমিককে মালদা জেলার চাঁচলের (Chanchal) একটি হোটেল থেকে উদ্ধার করল পুলিশ। যৌথ অভিযানে অসম পুলিশ ও চাঁচল থানার পুলিশ ওই শ্রমিককে মুক্ত করার পাশাপাশি তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া শ্রমিকের নাম মুস্তফা আলি। তিনি অসমের নওগাঁও (Nagaon) জেলার হাইবারগাঁও থানার এলাকার বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি মুস্তফা কর্মসূত্রে কেরলে থাকতেন এবং সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। অভিযোগ, অসম থেকেই তাঁর কয়েকজন সহকর্মী তাঁকে অপহরণ করে বিভিন্ন হোটেলে আটকে রাখে। অবশেষে চাঁচলের একটি হোটেলে তাঁকে এনে রাখা হয়।

পরিবারের পক্ষ থেকে হাইবারগাঁও থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগ দায়ের করার পর পুলিশ মোবাইলের লোকেশন ট্র্যাক করে চাঁচলের সন্ধান পায়। বুধবার রাতে চাঁচল থানার পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে হোটেল থেকে মুস্তফাকে উদ্ধার করা হয়।

হোটেল চত্বর থেকেই কেরলের ইদুক্কি জেলার বাসিন্দা শুভাশীষ সাবু (৪১) এবং চাঁচলের অনুপনগরের বাসিন্দা পার্থ মণ্ডলকে পাকড়াও করা হয়। পরবর্তীতে তাঁদের জিজ্ঞাসাবাদ করে অনুপনগরের আরেক বাসিন্দা শুভ্র মণ্ডলকেও গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিবাদের জেরেই এই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে। ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে অসমে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *