টুলু মণ্ডল সংক্রান্ত মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ থেকেই নতুন কয়েকটি যোগসূত্রের সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার সিউড়ির সমন্বয়পল্লিতে বালি ব্যবসায়ী প্রভাতকুমার মণ্ডল ও তাঁর স্ত্রী জলি হাজরা মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় জেলা পুলিশ। ডিএসপি (আইনশৃঙ্খলা) কুণাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই অভিযান হয়।
পুলিশ সূত্রের খবর, বর্তমানে পুলিশ হেফাজতে থাকা মহম্মদবাজারের প্রাক্তন বিএলআরও সব্যসাচী মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সময়ই প্রভাত ও জলির নাম তদন্তকারীদের সামনে আসে। ওই দম্পতির বালি ও পাথরের ব্যবসা রয়েছে। পাশাপাশি টুলু মণ্ডলের সঙ্গে তাঁদের আর্থিক লেনদেনের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। সেই লেনদেনের প্রকৃতি এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখতেই এদিনের তল্লাশি বলে সূত্রের দাবি। এদিন প্রাক্তন বিএলআরও সব্যসাচীকে সঙ্গে নিয়েই এই দম্পতির বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি।
আরও পড়ুন:
তদন্তকারীদের নজরে থাকা একটি নির্দিষ্ট নথির খোঁজেই বাড়িতে পুলিশ গিয়েছিল বলে জানা গিয়েছে। সেটি উদ্ধার হলে টুলু মণ্ডল মামলায় প্রভাত-জলি দম্পতির সঙ্গে প্রাক্তন বিএলআরওর যোগাযোগের বিষয়ে তদন্তকারীরা আরও স্পষ্ট ধারণা পেতে পারেন। যদিও তল্লাশি থেকে কোনও নথি উদ্ধার হয়েছে কি না, তা পুলিশ জানায়নি। অভিযানের কারণ নিয়েও সরকারি ভাবে কোনও বক্তব্য দেওয়া হয়নি। অন্যদিকে, এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা দাবি করেন, প্রভাত মণ্ডলদের সঙ্গে টুলু মণ্ডলের যোগাযোগ ছিল। মহম্মদবাজারে বিপুল পরিমাণ বালি মজুত থাকা সত্ত্বেও সাধারণ মানুষ তা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বালি-পাথর সংক্রান্ত অনিয়মের বিষয়টি নিয়ে তদন্তে আরও বিস্তৃত তথ্য সামনে আসতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
