কলকাতায় অভিনেত্রীর ‘হেনস্তা’, অভিযুক্ত অ্যাপ ক্যাব চালকের খোঁজে সিসিটিভি ফুটেজে নজর পুলিশের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


অ‌্যাপ ক‌্যাবের ভিতর পড়ে ব‌্যাগটি। সেই ব‌্যাগ নিতে গিয়ে গাড়ির জানালার ভিতর হাত বাড়াতেই গাড়ি চালিয়ে দেয় ক‌্যাব চালক। প্রাণে বাঁচতে দরজা চেপে ধরে প্রাণপণে চিৎকার করতে থাকেন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। কিন্তু তাতেও বরফ গলেনি। অভিনেত্রীকে রাস্তার উপর টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে চালক। কিছুটা যাওয়ার পর হাত ছেড়ে দিয়ে বাধ‌্য হন তিনি। রাস্তার উপর পড়ে গেলে অন‌্য একটি গাড়ি অভিনেত্রীকে ধাক্কা দেয়।

কোনও সিনেমার শুটিং নয়। রাতের শহরে ঘটেছে এমনই ঘটনা। অ‌্যাপ ক‌্যাব চালকের দৌরাত্ম্যের জেরে বিপদের মুখে টলিউডের অভিনেত্রী। দক্ষিণ কলকাতায় ঘটে যাওয়া এই ঘটনার জেরে আহত হন তিনি। আতঙ্কিত অবস্থায় শেষ পর্যন্ত কালীঘাট থানায় অ‌্যাপ ক‌্যাব চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ওই অভিনেত্রী উত্তর কলকাতার টালা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন:

টালিগঞ্জের এনটি-১ স্টুডিওয় তাঁর শুটিং ছিল। রাতে শুটিংয়ের শেষে বাড়ি ফেরার জন‌্য একটি অ‌্যাপ ক‌্যাব বুক করেন। পুলিশের কাছে ওই অভিনেত্রীর অভিযোগ, কিছুটা দূর যাওয়ার পরই লোকেশন ও ভাড়া নিয়ে সমস‌্যা শুরু করে অ‌্যাপ ক‌্যাব চালক। গাড়ির মধ্যেই বাকবিতণ্ডা শুরু হয়। রাসবিহারী মোড়ের কাছে আসার পর কালীঘাট মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামিয়ে যাত্রী ওই অভিনেত্রীকে নেমে যেতে বলে সে। অনেকটা বাধ‌্য হয়ে অভিনেত্রী ক‌্যাব থেকে নেমে যেতে বাধ‌্য হন।

তখনও ভিতরে তাঁর ব‌্যাগটি ছিল। তিনি জানালার মধ্যে থেকে ব‌্যাগটি বের করতে যাওয়ার সময়ই চালক গাড়ি চালিয়ে দেয়। তিনি দরজাটি চেপে ধরেন। ওই অবস্থায় তাঁকে টেনে হিঁচড়ে কিছু দূর নিয়ে যায় ক‌্যাব। অভিনেত্রী চিৎকার করতে থাকেন। কিন্তু বেশিক্ষণ দরজা ধরে থাকতে পারেননি। তিনি ছিটকে এসে রাস্তায় পড়েন। তখন অন‌্য একটি গাড়ির সঙ্গেও তাঁর ধাক্কা লাগে। অন‌্য পথচারীদের সাহায্যে কোনওমতে অভিনেত্রী উঠে দাঁড়ান। ততক্ষণ ব‌্যাগ নিয়ে চালক উধাও হয়ে গিয়েছে।

শেষ পর্যন্ত আহত অবস্থায় তিনি কালীঘাট থানায় পৌঁছন। প্রাথমিক চিকিৎসার পর তিনি ওই অ‌্যাপ ক‌্যাবের চালকের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন। চালকের নাম ও গাড়ির নম্বরও তিনি পুলিশকে জানান। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। রাসবিহারী অঞ্চলের সিসিটিভির ফুটেজও পুলিশ পরীক্ষা করে পুরো ঘটনাটি জানার চেষ্টা করছে। তারই ভিত্তিতে ওই ক‌্যাব চালকের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *