সুনীল সাহা
সুনীল সাহার সাহিত্যজগৎ মূলত গল্প, রম্যরচনা ও উপন্যাসকে ঘিরে। কবিতা লিখেছেন তুলনায় কম। প্রকৃতি ও পরিবেশের টানে নিজের দেশ ঘুরে বেড়ানো তাঁর প্রিয় শখ। তাই সুযোগ পেলেই কোনও সঙ্গীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন অচেনা পথের খোঁজে। কলেজ জীবন থেকেই শুরু লেখালেখি। সাহিত্যচর্চার পাশাপাশি নাটক লেখা ও পরিচালনাতেও সক্রিয় থেকেছেন। তাঁর হাত ধরে একসময় উঠে এসেছেন বহু অভিনেতা-অভিনেত্রী।
নতুন লেখক-লেখিকাদের তুলে আনাও তাঁর সাহিত্যচর্চার গুরুত্বপূর্ণ দিক। ১৯৭২ সাল থেকে পাক্ষিক ‘নবলিপি’, ১৯৮৭ সাল থেকে সাপ্তাহিক ‘কৈশোর’ এবং ১৯৯৫ সাল থেকে গল্পের ত্রৈমাসিক ‘গল্প ইদানীং’ নিয়মিত সম্পাদনা করে চলেছেন তিনি। তিন পত্রিকার পাতাতেই নতুনদের জায়গা করে দিয়েছেন। তাঁদের সাফল্যকেই নিজের পুরস্কার বলে মনে করেন সুনীল।
১৯৫০ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্ম এই কবি-গল্পকারের। ‘শ্রীকুমার’ ও ‘নীলাম্বর সেন’ ছদ্মনামেও লিখেছেন। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘আমি বিয়ে করব’, ‘প্রেম নয় অভিনয়’, ‘ট্রাফিক জ্যাম’, ‘বৃহন্নলারানি এবং’, ‘কুঁড়ি’, ‘তিনটি একাঙ্ক’, ‘আন্ কাট্’ এবং ‘শ্রীকুমারের কুমার সংবাদ’।
সাহিত্য ও নাট্যচর্চার স্বীকৃতিও মিলেছে বেশকিছু। পেয়েছেন হিতেন নাগ স্মৃতি পুরস্কার, ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটির পুরস্কার, অনিল্যাদেবী স্মৃতি পুরস্কার এবং ২০২৫ সালের বর্ণমালা পুরস্কার। কণ্ঠস্বর ও বিবৃতি, মুক্তচিন্তা সহ একাধিক সম্মাননাও রয়েছে তাঁর ঝুলিতে। তবে নতুন মুখকে নিজের পত্রিকার পাতায় জায়গা দিয়ে তাঁদের এগিয়ে যেতে দেখার আনন্দই সুনীলের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
The put up উত্তরের সাহিত্যিক appeared first on Uttarbanga Sambad.
