ইটভাটায় অস্ত্র উদ্ধারের সময় পুলিশের গুলিতে মৃত্যু দুষ্কৃতী রতন শেখের, ব্যাখ্যা বীরভূম জেলা পুলিশের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ নানুরে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের (Ratan Sheikh) ‘এনকাউন্টার’-এর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিল বীরভূম জেলা পুলিশ। পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ (Vidit Raj Bhundesh) স্পষ্ট জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে রতন শেখ আচমকাই পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। সেই গুলি পুলিশের গাড়িতে লাগার পর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, আর তাতেই মৃত্যু হয় রতনের। পাশাপাশি, রতনের অন্যতম সহযোগী রমেশ কোঁড়ার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সোমবার সকালে সাংবাদিক বৈঠকে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানান, গত শুক্রবার শান্তিনিকেতন থানার এক কনস্টেবলকে গুলি করে পালানোর পর থেকেই রতন শেখের খোঁজে একাধিক বিশেষ দল গঠন করে চিরুনি তল্লাশি শুরু হয়েছিল। রবিবার গোপন সূত্রে খবর মেলে যে রতন বর্ধমানে গা ঢাকা দিয়ে রয়েছে। এরপরই বর্ধমানে অভিযান চালিয়ে রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশি জেরার মুখে রতন স্বীকার করে যে ১৩ তারিখের পর সে কোথায় কোথায় পালিয়েছিল এবং কোথায় আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। এসপি বলেন, “অস্ত্র কোথায় লুকিয়ে রাখা আছে তা জানতে এবং সেই অস্ত্র উদ্ধার করতেই রতনকে নানুরের চারকোল গ্রামের কাছে উচকরণ এলাকার একটি ইটভাটায় নিয়ে যাওয়া হয়েছিল।”

ঠিক কোন পরিস্থিতিতে পুলিশকে গুলি চালাতে হলো, তার ব্যাখ্যা দিয়ে পুলিশ সুপার জানান, “পুলিশের টিম রতনকে নিয়ে ওই ইটভাটায় গিয়েছিল। অস্ত্র কোথায় আছে তা বোঝাতে গিয়ে সে প্রথমে এদিক-ওদিক দেখাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই নিচে বসে পড়ে এবং লুকিয়ে রাখা অস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে সোজা গুলি চালায়। সেই গুলি পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে গিয়ে লাগে। তখন আত্মরক্ষার্থেই আমরা পাল্টা গুলি চালাই এবং সে গুলিবিদ্ধ হয়।” এরপর জখম অবস্থায় রতনকে নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বোলপুর হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত হবে।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতন শেখের বিরুদ্ধে ডাকাতি ও বেআইনি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ১৭ থেকে ১৮টি গুরুতর মামলা ছিল। এর আগেও বহুবার তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল, কিন্তু জামিনে বেরিয়ে সে ফের অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ত। বর্তমানে রতনের অন্যতম সঙ্গী রমেশ কোঁড়ার বিরুদ্ধেও সমসংখ্যক মামলা রয়েছে এবং পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। অন্যদিকে, রতনের গুলিতে জখম হওয়া পুলিশ কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার হতে পারে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *