Marquinhos | ভারতেই ব্রাজিলের সবচেয়ে বেশি সমর্থক! কলকাতায় এসে মুগ্ধ মার্কুইনহোস, প্রশংসায় ভরালেন গুরপ্রীতকে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ জীবনে প্রথমবার ভারতে এলেও এখানকার ফুটবল উন্মাদনা এবং ব্রাজিলের প্রতি সমর্থকদের ভালোবাসা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোস (Marquinhos)। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে দেশের বাইরে ভারতের এই বিশাল ব্রাজিল প্রীতির কথা সগর্বে উল্লেখ করেন পিএসজি (PSG) তারকা। একই সঙ্গে তিনি ভারতীয় দলের অধিনায়ক তথা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর (Gurpreet Singh Sandhu) কেরিয়ারের মাইলফলক নিয়েও প্রশংসা করেছেন।

সংবাদিক বৈঠকে মার্কুইনহোস বলেন, “ভারতের মতো দেশে খেলতে পারা এক দারুণ সুযোগ। আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না। ব্রাজিলের বাইরে বোধহয় ভারতেই সবচেয়ে বেশি ব্রাজিল সমর্থক রয়েছেন। তাঁদের সামনে খেলতে পারা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের।” নতুন ও তরুণ ফুটবলারদের ভারতীয় দর্শকরা যে অভ্যর্থনা জানিয়েছেন, তাতে পুরো দল দারুণভাবে অনুপ্রাণিত বলে জানিয়েছেন তিনি।

ভারতকে হালকাভাবে নিতে নারাজ সেলেসাওরা। মার্কুইনহোস জানান, এ দেশে আসার আগে তাঁরা ভারতীয় দলকে নিয়ে যথেষ্ট পড়াশোনা ও বিশ্লেষণ করেছেন। চলতি বছরে ভারতের খেলা ছ’টি ম্যাচের প্রতিটি জয়ের আলাদা গুরুত্ব ও ইতিহাস রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এর পরেই ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে কথা বলেন ব্রাজিলীয় ডিফেন্ডার। গুরপ্রীতের আন্তর্জাতিক কেরিয়ারের ৯০তম ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, “এটা অত্যন্ত বড় ব্যাপার। আমার মনে হয় না ভারতকে আলাদা করে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন আছে, ওরা অত্যন্ত পেশাদার দল।”

২০০২ সালের পর থেকে বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। তবে সেই অতীত ব্যর্থতা নিয়ে মাথা ঘামাতে নারাজ মার্কুইনহোস। তিনি স্পষ্ট জানান, দল এখন সম্পূর্ণভাবে বর্তমান এবং ভবিষ্যতের ওপর ফোকাস করছে। এ ধরনের আন্তর্জাতিক ম্যাচগুলিই তাঁদের ভবিষ্যতের বড় মঞ্চের জন্য প্রস্তুত করছে বলে মত প্রকাশ করেন এই অভিজ্ঞ ফুটবলার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *