পুরভোট সংক্রান্ত মামলায় সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য ও কলকাতা পুরনিগম। ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত কার? এদিন সেই প্রশ্নই তুললেন বিচারপতি জয়মাল্য বাগচী। রাজ্যের এক্তিয়ার থাকলেও সঠিক পদ্ধতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, উঠল সেই প্রশ্নও। তবে রাজ্য ও কলকাতা পুরনিগমের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। অর্থাৎ পুরভোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
পালাবদলের পরই কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কলকাতার পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু করা হয়। যা নিয়ে শুরু থেকেই আপত্তি করেছিল বিরোধী দলগুলো। পরবর্তীকালে তার জল গড়ায় হাই কোর্টে। এরই মাঝে শোনা যাচ্ছিল, নভেম্বরেই হতে পারে কলকাতা, হাওড়া-সহ ৭ টি পুরসভায় নির্বাচন। চলতি মাসের শুরুতে কলকাতা হাই কোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে সাফ জানায়, ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না।
আরও পড়ুন:
এরপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য ও কলকাতা পুরসভা। দুটো আলাদা মামলা দায়ের হয়। আজ, সোমবার বেলা ১২ টায় সুপ্রিম কোর্টে শুরু হয় জোড়া মামলার শুনানি। এদিন প্রশ্ন তোলা হয়, এই ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত কার? তাতে রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কলকাতা পুরসভার সুপারিশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। এদিকে পুরসভার তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত রাজ্যের। তাতে আদালত পালটা প্রশ্ন করে, ‘কলকাতা পুরসভায় এই মুহূর্তে মেয়র নেই। মেয়র পারিষদও নেই। তাহলে প্রশাসক কীভাবে এই সুপারিশ করেন? তাঁর এই এক্তিয়ার আছে কি?” এদিন বিচারপতি জয়মাল্য বাগচী জানতে বলেন, রাজ্যের এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে। কিন্তু সেক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়েছিল কি? জবাবে তুষার মেহতা বলেন, “অভিযোগ-আপত্তি জানানোর জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছিল। ২৮০ টি চিঠি জমা পড়েছিল। তবে ৭০ জন শুনানিতে আসেননি।” যাবতীয় বক্তব্য শোনার পর আদালত জানায়, এই মামলার শুনানি হবে আগামী বুধবার। অর্থাৎ আপাতত অনিশ্চিত পুরভোট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
