এবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ঘরে মিলল কন্ডোম, নেশার সামগ্রী! ঘটনা নিয়ে তুমুল হইচই শিক্ষাঙ্গনে। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর কীভাবে এসব এল, সেই প্রশ্ন উঠেছে। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল ছাত্র পরিষদের দিকে। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখ খুলতে চাননি। এর আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে পাওয়া গিয়েছিল কন্ডোমের প্যাকেট। কলেজের ভিতরেই দেখা যায় বিলাসবহুল এসি বেডরুম। সেই ঘরেই ছিল খাট। শুধু তাই নয়, বন্ধ ইউনিয়ন রুম থেকে পাওয়া যায় উইয়ে খাওয়া লক্ষ লক্ষ টাকা। সেই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের বিভিন্ন কার্যালয় থেকেও উদ্ধার হচ্ছে কন্ডোম! সেই আবহে এবার উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম থেকে উদ্ধার কন্ডোম, নেশার বিভিন্ন সামগ্রী।
এই বিষয়ে আরও খবর
তৃণমূল কংগ্রেস আমলেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। যদিও একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। আজ, সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুমের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকেছিলেন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের সদস্যরা। ঘরের ভিতরের পরিস্থিতি দেখেই হতবাক হন তাঁরা। দেখা যায়, ঘরের ভিতর প্রচুর সংখ্যায় কন্ডোমের প্যাকেট পড়ে রয়েছে। শুধু তাই নয়, ভিতরে মদের ভাঙা বোতল ছড়িয়েছিটিয়ে রয়েছে। এছাড়াও রয়েছে গাঁজার কল্কে। নেশার সিরিঞ্জও পাওয়া গিয়েছে ইউনিয়ন রুম থেকে!

তৃণমূল আমলে এই ইউনিয়ন রুম তৃণমূল ছাত্র পরিষদের দখলে ছিল। তৃণমূল আমলে এখানে অসাধু কাজকর্ম হত বলে অভিযোগ। তৃণমূল ছাত্রনেতাদের লালসার শিকার কারা হয়েছেন? সেই প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইউনিয়ন রুমের মধ্যে এভাবে নেশা কীভাবে চলতে পারে? সেই প্রশ্নও উঠেছে। আলিপুরদুয়ার নগর মণ্ডলের এবিভিপির সম্পাদক রজত দে সরকার বলেন, “গাঁজার কল্কে ও পুরিয়া, কন্ডোম, নেশার সিরিঞ্জ, ভাঙা মদের বোতল ও অন্যান্য কিছু মিলেছে। ছাত্র ইউনিয়ন রুমে কারা এসব আনল? আমরা তা তদন্ত করে দেখার দাবি তুলেছি।”
এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে এই ঘটনার তদন্ত করে দোষিদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় এবিভিপি। যদিও বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চান নি। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরিৎকুমার চৌধুরি বলেন, “এই ঘটনা আমাদের সামনে ঘটেনি। আদালতের নির্দেশে ইউনিয়ন রুম বন্ধ। এখনও তা তালাবন্ধই আছে। ফলে এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না।” জানা গিয়েছে, এই ঘটনার পর ছাত্ররাই ফের ইউনিয়ন রুমে তালা মেরে দেয়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
