মুর্শিদাবাদ: গ্রামীন যুবকের ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় মাদক পাচারের (Drug Smuggling)বড়সড় ছক বানচাল করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মুর্শিদাবাদের (Murshidabad) ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা লালগোলা (Lalgola) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ আকবর আলি নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে থানার নবনিযুক্ত ওসি অমিত ভকতের নেতৃত্বে পুলিশবাহিনী সীমান্ত এলাকায় আগে থেকেই ওত পেতে ছিল। সেই আবহে সন্দেহজনকভাবে পায়ে হেঁটে সীমান্তের দিকে এগোতেই পুলিশি জালে ধরা পড়ে আকবর। তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে বেরিয়ে আসে চক্ষু চড়কগাছ হওয়ার মতো মাদকের ভাণ্ডার।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
- ব্রাউন সুগার: ৩১২ গ্রাম (বাজারমূল্য ৩০ লক্ষ টাকারও বেশি)।
- মাদক তৈরির কাঁচামাল: ২ কেজি সোডিয়াম পাউডার।
- রাসায়নিক: ৫ লিটার অ্যাসিটিক অ্যানহাইড্রেট।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ কাঁচামাল ও মাদক সীমান্তের ওপারে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সোমবার ধৃত আকবর আলিকে বিশেষ মাদক আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। এই পাচারচক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
