উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আসন্ন ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’ (Batwara 1947)-এর মুক্তিকে কেন্দ্র করে শোরগোল বিনোদন দুনিয়ায়। ছবি মুক্তির ঠিক প্রাক্কালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath assembly) সঙ্গে লখনউয়ে তাঁর সরকারি বাসভবনে এক বিশেষ সৌজন্যমূলক বৈঠকে মিলিত হলেন বলিউডের দুই জনপ্রিয় তারকা সানি দেওল (Sunny Deol) এবং প্রীতি জিন্টা (Preity Zinta)। ওই প্রচারে সানির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ছেলেও। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই হাই-প্রোফাইল সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। দেশভাগের বেদনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে তৈরি এই ছবি মুক্তি পাওয়ার আগেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সানি দেওল ও প্রীতি জিন্টা ছাড়াও অভিনয় করেছেন শাবানা আজমি, আলি ফজল এবং অভিমন্যু সিং। ১৯৪৭ সালের দেশভাগের অশান্ত পটভূমিতে নির্মিত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে সানি ও প্রীতিকে এক দম্পতি হিসেবে দেখা যাবে, যাঁদের সাজানো সংসার দেশভাগের নৃশংস হিংসার কারণে ছিন্নভিন্ন হয়ে যায়। ওপারে গিয়ে একটি হাভেলিতে আশ্রয় নেওয়ার পর শুরু হয় নতুন দ্বন্দ্ব। সেখানে শাবানা আজমির মতো এক বয়স্ক হিন্দু নারী নিজের ভিটে ছাড়তে অস্বীকার করলে, তাঁর সুরক্ষায় বুক চিতিয়ে দাঁড়ান সানির চরিত্রটি। ট্রেলারের একটি শক্তিশালী ডায়লগে বলতে শোনা যায় যে, কোনো মন্দির ভাঙা ইসলাম হতে পারে না এবং মায়ের কোনো ধর্ম হয় না। এছাড়া সানির অনস্ক্রিন ছেলের ভূমিকায় নজর কেড়েছেন করণ দেওল।
এই ছবির মাধ্যমে দীর্ঘ তিন দশক পর ফের পরিচালক রাজকুমার সন্তোষী ও সানি দেওল জুটি বাঁধলেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন স্বনামধন্য এ আর রহমান এবং গান লিখেছেন জাবেদ আখতার। আমির খান প্রোডাকশনসের ব্যানারে আমির খান ও অপর্ণা পুরোহিতের প্রযোজিত এই ছবি আগামী ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একদিকে ছবির সেনসেটিভ বিষয়বস্তু এবং অন্যদিকে মুক্তির ঠিক আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কলাকুশলীদের এই বৈঠক ছবি ঘিরে রহস্য ও উন্মাদনা উভয়ই বাড়িয়ে দিয়েছে।

