উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীরচর্চা করার সময় অনেকেরই ভুঁড়ি বা পেটের মেদ সহজে কমলেও, হাতের মেদ কমাতে গিয়ে কালঘাম ছুটে যায়। আর হাতে অতিরিক্ত মেদ জমে থাকলে তা দেখতে যেমন ভালো লাগে না, তেমনই পছন্দের পোশাক পরতেও বেশ সমস্যায় পড়তে হয়। অনেকেই ভাবেন, হাতের মেদ কমাতে হলে বোধহয় ভারী ওজন তুলতে হবে বা জিমের দামি যন্ত্রপাতি নিয়ে ব্যায়াম করতে হবে। কিন্তু ধারণাটি একেবারেই ভুল। কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই ঘরে বসে সহজ কিছু ব্যায়াম ও স্ট্রেচিং অভ্যাস করলেই হাতের গঠন সুন্দর ও আকর্ষণীয় করা সম্ভব।
হাতের জেদি মেদ সহজে ঝরিয়ে ফেলতে নিয়মিত নিচের ৩টি ব্যায়াম অভ্যাস করতে পারেন:
১. কাউন্টার পুশ-আপ (Counter Push-up): হাতের মেদ ঝরানোর জন্য এটি অত্যন্ত উপযুক্ত এবং কার্যকর একটি ব্যায়াম। এটি ঘরের যেকোনো টেবিল বা কাউন্টারে ভর দিয়ে সহজেই করা যায়। প্রথমে হাত দুটো সোজা করে টেবিলের উপর রাখুন এবং পা খানিকটা পিছনের দিকে নিয়ে যান। এই সময় খেয়াল রাখবেন, পায়ের চেটোর উপর যেন সারা শরীরের ভরটা থাকে। এবার পিঠ একদম সোজা রেখে কনুই বেঁকিয়ে পুশ-আপ করতে থাকুন, তারপর আবার শুরুর ভঙ্গিতে ফিরে আসুন।
২. হস্ত গরুড়াসন (Hasta Garudasana): এই আসনটি করার জন্য পিঠ সোজা রেখে চেয়ারে পা ঝুলিয়ে বসতে হবে। খেয়াল রাখবেন শরীর যেন ঝুঁকে না থাকে, পিঠ থাকবে টানটান। এবার চোখ বন্ধ করে দুই হাত কোলের উপর রেখে গভীর ভাবে শ্বাস নিন ও ছাড়ুন, যা আপনার মনকে স্থির করবে। এরপর দুই হাত মেঝের সমান্তরাল ভাবে সামনে বাড়িয়ে দিন। ডান হাতের নীচ দিয়ে বাঁ হাতের কনুই পেঁচিয়ে ধরুন। এই পেঁচানো অবস্থাতেই কনুই দুটিকে কাঁধের উচ্চতায় তোলার চেষ্টা করুন। এই ভঙ্গিতে ২০ সেকেন্ডের মতো স্থির থাকুন। এরপর হাত বদল করে একইভাবে বাঁ হাতের নীচ দিয়ে ডান হাতের কনুই পেঁচিয়ে ধরে আসনটি পুনরায় করুন।
৩. অধোমুখ শবাসন (Adho Mukha Svanasana): যোগশাস্ত্রে একে ‘ডাউনওয়ার্ড-ফেসিং ডগ পোজ়’ বলা হয়। নিয়মিত এই আসনটি অভ্যাস করলে হাতের পেশির জোর বাড়ে এবং দ্রুত মেদ কমে। এটি করতে প্রথমে হাত ও হাঁটুতে ভর করে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন। হাতের তালু মাটিতে থাকবে এবং পিঠ ওপরের দিকে তুলে পায়ের পাতা মাটি স্পর্শ করে দাঁড়াতে হবে। শরীরটি দেখতে লাগবে অনেকটা উল্টানো ইংরেজি ‘V’ অক্ষরের মতো। এই অবস্থায় মাথা যতটা সম্ভব মাটির দিকে ঝুঁকিয়ে গভীর ভাবে শ্বাস টানুন ও ছাড়ুন। এই ভঙ্গিমায় ২০ সেকেন্ড থাকার পর আবার আগের স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন।
কোনো রকম ভারী সরঞ্জাম ছাড়াই প্রতিদিন নিয়ম মেনে এই ঘরোয়া ওয়ার্কআউটগুলো করলে অল্প দিনেই হাতের মেদ কমে হাত সুডৌল হয়ে উঠবে।
