উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইসিসি (ICC) মঞ্চে আবারও এক হাইভোল্টেজ ভারত-পাকিস্তান দ্বৈরথ (Ind Vs Pak)। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মহিলা ক্রিকেট দল। ওডিআই বিশ্বকাপের পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও বিশ্বজয়ের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। তবে এই হাইভোল্টেজ মেগা ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে অবধারিতভাবেই উঠে এল ভারত-পাক কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ।
গত বছরের একটি ঘটনার সূত্র ধরে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harman preet Kaur) প্রশ্ন করা হয়েছিল, এবারও কি পাক অধিনায়ক ফাতিমা সানার (Fatima Sana) সঙ্গে হ্যান্ডশেক এড়িয়ে যাওয়ার কোনও সম্ভাবনা রয়েছে? রাজনৈতিক বিতর্কে জল ঢেলে অত্যন্ত সোজাসাপটা ও কড়া ভাষায় জবাব দেন ভারত অধিনায়ক। মাঠের বাইরের রাজনীতিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে হরমনপ্রীত বলেন, “দেখুন, আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং শুধু ক্রিকেট নিয়েই কথা বলতে চাই। ক্রিকেট ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে আমরা ভাবিও না। প্রথম দিন থেকেই দেশের হয়ে ক্রিকেট খেলা আমাদের স্বপ্ন ছিল। আগামীকালের ম্যাচটিকে আমরা স্রেফ আরও একটা সাধারণ ম্যাচ হিসেবেই দেখছি।”
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিকে সাধারণ বললেও, ভারত-পাক দ্বৈরথের চিরন্তন মনস্তাত্ত্বিক চাপের কথা অকপটে স্বীকার করে নিয়েছেন হরমনপ্রীত। তবে সেই চাপকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। ভারত অধিনায়কের কথায়, “চাপ তো অবশ্যই থাকবে। যখনই আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলি, একটা বাড়তি চাপ তৈরি হয়। তবে আসল বিষয় হল আমরা সেই চাপটাকে কীভাবে উপভোগ করছি। আন্তর্জাতিক ম্যাচে চাপ থাকবেই, সেখানে মাঠে নেমে নিজের ১০০ শতাংশ দেওয়া এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই আমাদের আসল লক্ষ্য।”
মহিলা ক্রিকেটে ভারত বর্তমানে ওডিআই (ODI) ফর্ম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই এবার টি-২০ বিশ্বকাপেও খেতাব জয়ের অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া। কোটি কোটি ক্রিকেট ভক্তদের প্রত্যাশার পারদ যে চড়ছে, তা মেনে নিয়ে হরমনপ্রীত জানান, সমর্থক হিসেবেও তিনি এই চাপ অনুভব করতেন, আর এখন দেশের হয়ে খেলার সময় তা আরও বেশি অনুভূত হয়। তবে চাপ সামলে এত বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারাকেই সৌভাগ্য বলে মনে করছেন ভারতীয় ক্যাপ্টেন। এখন দেখার, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারতের প্রমিলা ব্রিগেড কেমন পারফর্ম করে।
