উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর মহাযুদ্ধে কি তবে যবনিকা পতন হতে চলেছে এক দশকেরও বেশি সময়ের তৃণমূল শাসনের? ভোট (West Bengal Meeting Election 2026) মিটতেই জাতীয় স্তরের অন্যতম নির্ভরযোগ্য সমীক্ষক সংস্থা ‘টুডেজ চাণক্য’ (In the present day’s Chanakya) যে পরিসংখ্যান সামনে এনেছে, তাতে আক্ষরিক অর্থেই বঙ্গ রাজনীতিতে সুনামি আছড়ে পড়ার ইঙ্গিত। চাণক্যের পূর্বাভাস বলছে, এবার আর কোনো অঘটন নয়, বরং বিপুল জনসমর্থন নিয়ে বাংলার মসনদে বসতে চলেছে বিজেপি।
ম্যাজিক ফিগার ১৪৮। কিন্তু চাণক্য বলছে, বিজেপি শুধু ম্যাজিক ফিগার ছোঁবে না, বরং তা টপকে পৌঁছে যাবে ১৯২(± ১১)-এর ঘরে । অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে নবান্ন দখলের পথে পদ্ম শিবির। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থমকে যেতে পারে মাত্র ১০০(± ১১)টি আসনে। অন্যান্যদের ঝুলিতে বড়জোর ২টির মতো আসন থাকতে পারে।
ভোট শতাংশের লড়াই: এক নজরে
- বিজেপি: ৪৮% (± ৩%)
- তৃণমূল: ৩৮% (± ৩%)
- অন্যান্য: ১৪% (± ৩%)
চাণক্যের এই সমীক্ষায় সবথেকে ভয়াবহ তথ্য ধরা পড়েছে তৃণমূলের চিরাচরিত ভোটব্যাঙ্কে ধস নামা নিয়ে। বিশেষ করে এসসি (SC) এবং ওবিসি (OBC) ভোটব্যাঙ্ক যেভাবে শাসক দলের হাতছাড়া হয়েছে, তা অভূতপূর্ব।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সাম্প্রতিক সিভিক ভলান্টিয়ার বিতর্ক এবং নারী নিরাপত্তা—একাধিক ইস্যু তৃণমূলের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। এমনকি কলকাতার ১০টি আসনেও এবার আর তৃণমূলের একাধিপত্য থাকছে না, বরং সেখানে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি।
যদিও এটি নিছকই একটি বুথ ফেরত সমীক্ষা বা পূর্বাভাস। জনমতের আসল ছবিটা ফুটে উঠবে আগামী ৪ মে। ইভিএম বাক্সে বাংলার মানুষ কার ভাগ্য লিখেছে, তা জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।
