ফালাকাটা: উন্নয়নের প্রতিশ্রুতি ও ভোটের আগের শিলান্যাস—সবই এখন জলের তলায় (Well being Middle Waterlogged)। ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েতের কালীপুরে নবনির্মিত সুস্বাস্থ্যকেন্দ্রের সামনে কালভার্ট তৈরির প্রতিশ্রুতি পূর্ণ না হওয়ায় বর্ষার প্রথম বৃষ্টিতেই চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এমনকি জমা জলের কারণে রবিবার শিশুদের পোলিও খাওয়াতে হিমশিম খেলেন আশাকর্মীরা।
কালীপুর মৌজার শিশাগোড় গোরু হাট মাঠের প্রান্তে এক বছর আগে এই ঝা-চকচকে সুস্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হলেও পরিষেবা চালু হয়েছে মাত্র ৬ মাস আগে। এলাকাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে। স্থানীয়দের অভিযোগ, বিধানসভা ভোটের আগে ৩ লক্ষ টাকা বরাদ্দে কালভার্ট ও রাস্তা তৈরির শিলান্যাস করা হলেও, ভোট মিটতেই সেই কাজ বিশবাঁও জলে। এই কালভার্টটি তৈরি হলে বর্ষায় অন্তত এই দুর্ভোগ পোহাতে হতো না এলাকাবাসীদের।
রবিবার পোলিও টিকাকরণ কর্মসূচি ছিল। কিন্তু সুস্বাস্থ্যকেন্দ্রের চারপাশ হাঁটু সমান জলের তলায় থাকায় মায়েদের শিশুদের নিয়ে কেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। আশাকর্মী রঞ্জিতা বর্মন ও লিপিকা সরকার জানান, গত ১৫ দিন ধরে এই অবস্থা চললেও মেরামতির কোনো উদ্যোগ নেই। বাধ্য হয়ে এদিন হাসপাতালের বদলে পোলিও টিকা দেওয়া হয় বাজারের দুর্গামন্দিরের সামনে। রমা সরকার, শ্রাবণী দাসের মতো স্থানীয় গৃহবধূদের ক্ষোভ, “কাজই যদি না হয়, তবে ভোটের আগে শিলান্যাস করে মানুষকে মিথ্যে আশা দেখানোর কী প্রয়োজন ছিল?”
ঘটনাটি নিয়ে ফালাকাটা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান রবিকুমার মিঞ্চের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, ভোটের পর থেকেই তিনি এলাকাছাড়া এবং তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে, ফালাকাটা ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “বিষয়টি শুনেছি। ওখানে কোন প্রকল্পের শিলান্যাস হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। জলজনিত সমস্যা সমাধানেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
প্রশাসনের এই আশ্বাসে স্থানীয়রা কতটা ভরসা রাখবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্ষার মরসুমে এই পরিস্থিতিতে এলাকায় স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়ছে।

