গৌরহরি দাস, কোচবিহার: ট্রেনে নয়, এবার থেকে উত্তরপত্র পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে রিজিওনাল অফিসে। শনিবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা (Class 12 third Semester) নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) জয়েন্ট কনভেনারদের ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে এমনটাই জানানো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরীক্ষা হবে। কোচবিহার জেলায় মোট ২৪টি সেন্টারের ৯৪টি ভেনু। সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অর্থাৎ দেড় ঘণ্টার পরীক্ষা। তবে ভিজুয়াল আর্টস, মিউজিক ও ভোকেশনাল পরীক্ষাগুলি হবে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত, অর্থাৎ এক ঘণ্টা করে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কোচবিহার জেলার জয়েন্ট কনভেনার উৎপল চট্টোপাধ্যায় বলেন, ‘শনিবার আমাদের জয়েন্ট কনভেনারদের নিয়ে সংসদের সভাপতি মসিদুর রহমান সর্দার বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি আমাদের জানান, এবার ট্রেনে নয়। পরীক্ষার পর উচ্চমাধ্যমিকের উত্তরপত্র প্রতিদিন পোস্ট অফিসের মাধ্যমে সেন্টারগুলিকে রিজিওনাল অফিসে পাঠাতে হবে। এই নিয়ে পোস্ট অফিসের সঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষের কথাও হয়েছে।’
কোচবিহার জেলায় এবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা দেবে মোট ২৫,২৬১ জন। এরমধ্যে ১৪,১১৯ জন ছাত্রী এবং ১১,১৪২ জন ছাত্র। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২৪ জন সেন্ট্রাল ইনচার্জ, ২৪ জন সেন্ট্রাল সেক্রেটারি ও ৯৪ জন ভেনু সুপারভাইজার থাকবেন। জেলার পঁাচটি ট্রেজারি অফিস ও হলদিবাড়ি, শীতলকুচি, সিতাই এবং ঘোকসাডাঙ্গা এই চারটি থানা মিলিয়ে মোট নয়টি কাস্টডি করা হয়েছে। উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র এই কাস্টডিগুলিতে রাখা থাকবে।
পরীক্ষার দিনগুলিতে কাস্টডিগুলিতে সকাল ৮টায় প্রশ্নপত্র নিয়ে যাবেন সেন্টার ইনচার্জ ও সেক্রেটারিরা। সওয়া ৯টার মধ্যে সেই প্রশ্নপত্র তাঁরা ভেনু সুপারভাইজারদের হাতে তুলে দেবেন। সকাল সাড়ে ১০টায় ইনভিজিলেটররা সেই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার হলে যাবেন। ১০টা ৫৫ মিনিটে হলের ভেতর পরীক্ষার্থীদের উপস্থিতিতে মুখবন্ধ থাকা প্রশ্নপত্রের খাম ইনভিজিলেটর খুলে ছাত্রছাত্রীদের তা বিতরণ করবেন।
প্রতিটি ভেনুতে কম করে দুটি করে সিসিটিভি ক্যামেরা থাকবে। ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করা হবে। মোবাইল ফোন সহ যে কোনও ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার্থীদের ঢোকা বারণ। পরীক্ষা চলাকালীন ভেনুতে সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রিটারি, ভেনু সুপারভাইজার ও কাউন্সিল নমিনি- শুধু এই চারজন প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষার্থীরা হলের ভেতরে স্বচ্ছ জলের বোতল, পেনসিল বক্স ও বোর্ড নিয়ে ঢুকতে পারবে।

