উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন (West Bengal Meeting) চলাকালীন এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। খোদ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shovandeb Chattopadhyay) মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) বিরুদ্ধে। বর্ষীয়ান মন্ত্রীর প্রতি স্পিকারের এই আচরণে বিধানসভার অন্দরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনা চলছিল। নিয়ম অনুযায়ী বক্তাদের তালিকা আগে দিতে হয়, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ছিল না। মন্ত্রী অরূপ বিশ্বাস স্পিকারকে অনুরোধ করলে তিনি ৪ মিনিট সময় বরাদ্দ করেন। কিন্তু অভিযোগ, মন্ত্রী মাত্র কয়েকটি বাক্য পড়ার পরেই সবুজ আলো জ্বালিয়ে এবং দ্রুত লাল আলো সংকেত দিয়ে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়।
অরূপ বিশ্বাস ফের অনুরোধ করলে স্পিকার পাল্টা বলেন, ‘আপনি আমায় চাপ দিতে পারেন না। তালিকায় নাম থাকলে আগে সময় দিতাম।’ এই ঘটনায় ক্ষুব্ধ ও ব্যথিত শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমি বর্ষীয়ান মন্ত্রী, পরিষদীয় মন্ত্রীও বটে। একটু তো ধৈর্য দেখানো যেত। এই ধরনের কথাবার্তা ও আচরণ আমার মোটেই ভালো লাগেনি।’ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও বিষয়টিতে হস্তক্ষেপ করেন।
পরিস্থিতি সামাল দিতে পরে স্পিকার নিজে পরিষদীয় মন্ত্রীর ঘরে যান কথা বলতে। একজন স্পিকারের মন্ত্রীর ঘরে গিয়ে মানভঞ্জন করার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। শোভনদেব জানান, ‘অস্বস্তি লাগছিল। উনি যেমন স্পিকার, আমিও তো মন্ত্রী—এইটুকু সম্মান তো প্রাপ্য। যাই হোক, পরে উনি আমার ঘরে এসেছিলেন।’
বিরোধী বিধায়কদের দেরিতে এলেও সময় দেওয়া হয়, অথচ পরিষদীয় মন্ত্রীর মাইক কেন দ্রুত বন্ধ হলো—তা নিয়ে এখন বিধানসভার অলিন্দে জোর চর্চা চলছে।
