উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB HS End result 2026)। মেধাতালিকায় প্রথম দশে রয়েছে মোট ৬৪ জন কৃতি ছাত্রছাত্রীর। এবারে ৪৯৬ নম্বর (৯৯.২ শতাংশ) পেয়ে রাজ্যে প্রথম স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। মেধাতালিকায় আর জায়গায় করে নিয়েছে কারা?
৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জিষ্ণু কুণ্ডু এবং নরেন্দ্রপুরের ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাছাল। তৃতীয় স্থানে রয়েছেন দেবপ্রিয় মাজি, তন্ময় মণ্ডল, সৌম্য রায়, শুভায়ন মণ্ডল এবং প্রীতম বল্লভ। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ স্থানে চারজন (৪৯৩ নম্বর) এবং পঞ্চম স্থানে রয়েছেন মোট সাতজন (৪৯২ নম্বর)। উল্লেখযোগ্য বিষয় হল, এবার পরীক্ষায় ছাত্রীদের উপস্থিতি ছাত্রদের তুলনায় ৬৬ হাজার ৪৮৬ জন বেশি ছিল। গত ৩১ অক্টোবর প্রথম সিমেস্টারের ফলাফলে যারা শীর্ষে ছিলেন, চূড়ান্ত তালিকাতেও তাঁদের অনেকেরই দাপট বজায় রয়েছে। সব মিলিয়ে নতুন শিক্ষা পদ্ধতির প্রথম বছরেই অভাবনীয় সাফল্যে খুশি শিক্ষা মহল।
