কোচবিহার: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে চমকে দিয়েছিল সে। দু’বছর পর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকাতেও বজায় রইল তার সেই চেনা দাপট। ৪৯৩ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে (HS End result 2026) রাজ্যে চতুর্থ স্থান অধিকার করল কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন (ChandraChur Sen)। তবে এই বিশাল সাফল্যের দিনেও তার গলায় স্পষ্ট ফুটে উঠল সাম্প্রতিক ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও কেলেঙ্কারি নিয়ে তীব্র ক্ষোভ।
চন্দ্রচূড় জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তো ছিলই, তবে তার থেকেও বেশি সময় সে দিয়েছিল নিট (NEET) পরীক্ষার পেছনে। গত ৩ মে সে নিট পরীক্ষাও দিয়েছিল। কিন্তু দেশজুড়ে চলা প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে সেই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেশ কিছুটা হতাশ এবং ক্ষুব্ধ এই কৃতী ছাত্র।
ছেলের এই ধারাবাহিক ও দুর্দান্ত ফলাফলে স্বভাবতই আনন্দের জোয়ার সেন পরিবারে। চন্দ্রচূড়ের এই সাফল্যে অত্যন্ত খুশি তার বাবা শান্তনু সেন ও মা মৌসুমী সেন। ফল প্রকাশের পরেই বাড়িতে ছেলেকে মিষ্টিমুখ করিয়ে আদর-ভালোবাসায় ভরিয়ে দেন বাবা-মা।
এদিকে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যের মেধা তালিকায় গোটা জেলার মধ্যে একমাত্র পরীক্ষার্থী হিসেবে চন্দ্রচূড় জায়গা করে নেওয়ায় গর্বিত রামভোলা হাই স্কুল কর্তৃপক্ষ। এদিন স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার দাস সহ অন্যান্য শিক্ষকরা চন্দ্রচূড়ের বাড়িতে পৌঁছে যান এবং উত্তরীয় ও মিষ্টি দিয়ে তাকে বিশেষ সংবর্ধনা জানান।
